চাঁদপুরে বিকাশ কোম্পানির এক এজেন্ট মালিকের ৬১ লাখ টাকা খোয়া যাওয়ার সাত ঘণ্টার মধ্যে চাঁদপুর মডেল থানা পুলিশ উদ্ধার করেছে। জানা যায়, রবিবার চাঁদপুর শহরের পৌরসভা ভবনসংলগ্ন ইউসিবিএল (ব্যাংক) থেকে বিকাশ এজেন্টের কর্মকর্তা মাসুদ ৬১ লাখ টাকা উত্তোলন করে অটোবাইক নিয়ে শহরের জোড়পুকুর পাড় গিয়ে অটোবাইক থেকে নেমে পড়েন। ভুলে তিনি টাকার ব্যাগটি অটোবাইকে রেখে চলে যান।
কিন্তু অটোবাইক চালক সজীব উক্ত স্থানে প্রায় আধাঘণ্টার মতো টাকার ব্যাগসহ দাঁড়িয়ে ছিল। কিন্তু ঐ লোকটি না আসায় সজীব পুরানবাজার হরিসভা রোডের অটোবাইকের গ্যারেজে তার গাড়িটি রেখে গ্যারেজ তালা দিয়ে রাখেন। এরপর তিনি এ টাকার বিষয়টি তার প্রতিবেশী চাঁদপুর জেলা আওয়ামী লীগের অফিস সহকারী বাদলকে জানান। বাদল সামাজিক যোগাযোগ মাধ্যমে পূর্বেই টাকার বিষয়ে অবগত ছিলেন। অটোবাইক চালকের মুখে এই ঘটনা জেনে বাদল তাত্ক্ষণিক বিষয়টি চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম উদ্দিনকে মোবাইল ফোনে জানান।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ পুরানবাজার পুলিশ ফাঁড়ির সহযোগিতায় পুরো টাকা উদ্ধার করে এবং টাকার প্রকৃত মালিককে টাকা বুঝিয়ে দেয় চাঁদপুর মডেল থানার পুলিশ।
ইত্তেফাক/এসআই
