খুলনায় করোনার উপসর্গে তিনজনের মৃত্যু  

আপডেট : ২৩ জুন ২০২০, ১০:১৬

খুলনায় করোনার উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা সাসপেকটেড আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। মৃত তিনজন হলেন, খুলনা মহানগরীর বাবু খান রোডের মৃত সুলতান আলীর ছেলে পান্না ওয়াজেদ (৭০), টুটপাড়ার মৃত সৈয়দ আলীর ছেলে মহাসিন খোকন (৫৫) ও নড়াইল সদর উপজেলার মহেশখোলা গ্রামের মৃত আক্কাস শেখের ছেলে কাশেম শেখ (৩৬)।


খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ও করোনা ওয়ার্ডের মুখপাত্র ডা. মিজানুর রহমান জানান, জ্বর ও শ্বাসকষ্ট অবস্থায় পান্না ওয়াজেদকে সোমবার বিকাল পৌঁনে ৫টায় খুমেক হাসপাতালের করোনা সাসপেকটেড আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। এছাড়া তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর ৫টায় তার মৃত্যু হয়। 


এছাড়া করোনার উপসর্গ নিয়ে নগরীর টুটপাড়ার সরকারি সুন্দরবন কলেজ এলাকার মহাসিন খোকন সোমবার দুপুর সোয় ১২টায় হাসপাতালে ভর্তি হন। দু’দিন ধরে তিনি জ¦র ও শ^াসকষ্টে ভুগছিলেন। চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টায় তার মৃত্যু হয়। 


অপরদিকে, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে কাশেম শেখ সোমবার বিকাল সোয়া ৫টায় খুমেক হাসপাতালের করোনা সাসপেকটেড আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত পৌঁনে ২টায় তার মৃত্যু হয়। করোনা পরীক্ষার জন্য তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানান ডা. মিজানুর রহমান।

 

ইত্তেফাক/এএম