মির্জাপুরে ব্রিজ ভেঙ্গে খালে, ১২০ গ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন

আপডেট : ২৩ জুন ২০২০, ১৪:২৪

বালি ভর্তি মিনি ট্রাকসহ ব্রিজ ভেঙ্গে খালে পড়েছে। এতে টাঙ্গাইলের মির্জাপুর-কালিয়াকৈর-শ্রীপুর মধ্যে সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। অন্তত ১২০ গ্রামের হাজার হাজার মানুষকে যোগাযোগের ক্ষেত্রে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বাঁশতৈল ইউনিয়ন আওযামী লীগের সভাপতি মো. আজাহারুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মো. মোকলেছুর রহমান মঙ্গলবার  সকালে বলেন, মির্জাপুর-কালিয়াকৈর-শ্রীপুর রাস্তার বাঁশতৈল ইউনিয়নের পেকুয়া থেকে অভিরামপুর খালের উপর ব্রিজটি ঝুঁকিপুর্ন প্রায় দেড় যুগ ধরে। রবিবার রাতে বালি ভর্তি একটি মিনি ট্রাক ঐ ব্রিজের উপর উঠলে মিনি ট্রাকসহ ব্রিজটি ভেঙ্গে খালে পড়ে যায়। অল্পের জন্য মিনি ট্রাকের চালকসহ কয়েকজন যাত্রী প্রাণে বেঁচে যান। ব্রিজটি ভেঙ্গে যাওয়ায় সরাসরি যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এলাকাবাসীর ৮-১০ মাইল ঘুরে জেলা সদর টাঙ্গাইল, উপজেলা সদর মির্জাপুর এবং গাজীপুরের কালিয়াকৈর এবং শ্রীপুর উপজেলায় যাতায়াত করতে হচ্ছে।

উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, মির্জাপুর উপজেলার অভিরামপুর এলাকায় ব্রিজটি ঝুঁকিপুর্ন দীর্ঘ দিনের। ব্রিজটি নতুন ভাবে নির্মাণের জন্য প্রকল্প তৈরী করে অর্থ বরাদ্ধ চেয়ে সংশ্লিষ্ট অধিদপ্তরে পাঠানো হয়েছে। সারা দেশে করোনা ভাইরাস সংক্রমণ ও লগডাউন চলার কারণে বরাদ্ধ আসতে দেরি হচ্ছে। যেহেতু ব্রিজটি ভেঙ্গে পড়েছে তাই এলাকাবাসীর অসুবিধার কথা চিন্তা করে স্থানীয় এমপি মহোদয়ের সঙ্গে পরামর্শ করে ব্রিজটি দ্রুত সময়ের মধ্যে তৈরীর ব্যবস্থা করা হবে।

ইত্তেফাক/আরকেজি