ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার বাংলা ট্রিবিউনের খুলনা প্রতিনিধি হেদায়েত্ হোসেন মোল্লাকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমান্ডে নিয়েছে বটিয়াঘাটা থানা পুলিশ। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে খুলনার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক নয়ন বিশ্বাস এ রিমান্ড মঞ্জুর করেন।
আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট তারিক মাহমুদ তারা জানান, মামলার তদন্ত কর্মকর্তা (আইও) বটিয়াঘাটা থানার ওসি (তদন্ত) ইব্রাহিম হোসেন সোহেল হেদায়েেক জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ডের আবেদন করলে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করে। ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলায় গত মঙ্গলবার হেদায়েত্ গ্রেপ্তার হন।
খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাট) আসনে মোট ভোটারের চেয়ে ২২ হাজারেরও বেশি ভোট গ্রহণ হয়েছে মর্মে বাংলা ট্রিবিউন ও দৈনিক মানবজমিন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এ ঘটনায় গত মঙ্গলবার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। এ মামলায় অপর আসামি হলেন দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার রাশিদুল ইসলাম।
সাংবাদিক হেদায়েত্ হোসেনকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে অবিলম্বে তার মুক্তি দাবি করেছে খুলনা প্রেসক্লাব।
