বগুড়ায় আহত আওয়ামী লীগ নেতার মৃত্যু

আপডেট : ০২ জানুয়ারি ২০১৯, ২২:৫৭

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় আহত এক আওয়ামী লীগ নেতা গতকাল ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন। তিনি হলেন— নাজমুল ইসলাম জুয়েল (৩৮)। তার বাড়ি বগুড়ার কাহালু উপজেলায়। নাজমুল স্থানীয় পাইকরী ইউনিয়নের মেম্বার ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

পাইকরী ইউনিয়নের চেয়ারম্যান মিঠু চৌধুরী বলেন, গত ৩০ ডিসেম্বর নির্বাচনের দিন বেলা সাড়ে ১১টার দিকে বাগোই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচন কেন্দ্রের সামনে সংঘর্ষ হয়। বিএনপির সশস্ত্র ক্যাডারদের হামলায় ঘটনাস্থলেই ওয়ার্ড যুবলীগ নেতা আজিজুল ইসলাম নিহত হন। এই ঘটনায় নাজমুল ও মাহবুব নামে আরও দু’জন আহত হন। গতকাল এয়ার অ্যাম্বুলেন্সযোগে নাজমুলকে হযরত শাহজালাল বিমানবন্দরে আনা হয়। বিকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। আহত মাহবুব বগুড়ায় জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন।