ছড়া

জাহাঙ্গীর আলম জাহানের দুটি ছড়া

আপডেট : ২৩ জুন ২০২০, ২১:৫২

যোগ্য মায়ের ছেলে

যখন 

বয়স আমার ছয়

পেতাম ভূতের ভয়

মায়ের বুকে ছিল তখন

নিরাপদ আশ্রয়।

এখন

বয়স আমার বারো

ভয় করি না কারো

এই আমাকে খুব সাহসী

বলতে তুমি পারো।

আমার

আছে অনেক চাওয়া

ইশকুলে হয় যাওয়া

সময় আমি ক্ষয় করি না

গায় লাগিয়ে হাওয়া।

যখন

পড়ার সময় হয়

বই পড়ি নিশ্চয়

জ্ঞান সাধনা ছাড়া বলো

কেউ কি বড়ো হয়?

আমার

সামনে অনেক পথ

আলোর ভবিষ্যৎ

জয় করবো পাহাড়-নদী

গিরি ও পর্বত।

সামনে

বিঘ্ন-বাধা এলে

প্রাচীর ঠেলে ঠেলে

এগিয়ে যাবো, কারণ আমি

যোগ্য মায়ের ছেলে।

আমার

বয়স যখন বাড়ে

তাকাই আড়ে আড়ে

সাহসীকে কেউ কখনো

দমিয়ে দিতে পারে?

 

 

 

সবাই ভালোবেসো

আচ্ছা ধরো-          হঠাৎ করে যদি

প্রশ্ন শুধায় নদী-

আমার গতি কে করেছে রোধ?

কোথায় যাবে  তোমার বিবেকবোধ?

কিংবা ধরো-           বন-বনানী গভীর

হয়েই গেল স্থবির।

তারপরে সে জানতে যদি চায়

আমার গায়ে কুড়াল কে চালায়?

কে করেছে উজাড় বনভূমি

তখন জবাব কী দেবে ভাই তুমি?

এই প্রকৃতি-             পাহাড় নদী বন

সবার প্রয়োজন।

এদের প্রতি দরদ বাড়াই এসো

প্রকৃতিকে সবাই ভালোবেসো।