গাইবান্ধার গোবিন্দগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা শ্রীবাস চন্দ্র সরকার (৬২) বগুড়া মোহাম্মদ আলী করোনা ডেডিকেটেড হাসপাতালে মঙ্গলবার মারা গেছেন। এ নিয়ে এই উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে তিনজন মারা গেল।
শ্রীবাস চন্দ্র সরকার গোবিন্দগঞ্জ পৌরসভার দূর্গাপুর এলাকার বাসিন্দা। তিনি চাকরি থেকে অবসর নেওয়ার পর গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ওষুধের ব্যবসা করতেন।
গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মজিদুল ইসলাম জানান, বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে পরীক্ষা করে গত ২০ জুন তার করোনা ভাইরাস পজিটিভ শনাক্ত হয়। তারপর থেকে তিনি বগুড়া মোহাম্মদ আলী করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. খায়রুল বাসার মোমিন জানান, চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুর ১২টার দিকে তিনি মারা যান।
গোবিন্দগঞ্জ থানার ওসি একেএম মেহেদী হাসান জানান, স্বাস্থ্য বিধি মেনে ধর্মীয় মতে তার মরদেহের সৎকার করা হয়েছে।
ইত্তেফাক/ইউবি
