করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেও থেমে ছিল না ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) আয়োজনের প্রস্তুতিতে ব্যস্ত ছিল তারা। আগস্টের শুরুতে মাঠে গড়াবে সিপিএল। আজ অনুষ্ঠিত হবে সিপিএলের প্লেয়ার্স ড্রাফট।
বঙ্গবন্ধু বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলা বাঁহাতি পেসার মেহেদী হাসান রানা ও বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের নাম উঠছে সিপিএলের ড্রাফটে। দুজনের ভিত্তি মূল্য ১৫ হাজার ডলার।
দুজনই বিপিএলে পারফরম করেছিলেন। চট্টগ্রামের কোচ পল নিক্সন তাদের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। বিশেষ করে নাসুমের জন্য জাতীয় দলের ম্যানেজমেন্টের কাছেও সুপারিশ করেছিলেন তিনি। যার ফলেই সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষে টি-২০ সিরিজে বাংলাদেশ দলে ডাক পেয়েছিলেন নাসুম। ঘরোয়া ক্রিকেটে বেশ পরিচিত পারফরমার সিলেটের এই ক্রিকেটার।
গতকাল জানতে চাইলে রানা বলেছেন, ‘কালকে (আজ) নিলাম হবে জানি। ড্রাফটে দিয়েছিলাম। আমাদের বেস প্রাইস ১৫ হাজার ডলার।’ দল পেলে করোনা সংকট উতরে সিপিএলে খেলার স্বপ্ন দেখছেন রানা। বলেছেন, ‘খেলা তো আগস্টে। দেরী আছে। এখন নিলামটা আগে দেখি, কী হয়।’ এদিকে সম্প্রতি মা হারিয়েছেন নাসুম। মাতৃবিয়োগের শোক নিয়েই আজ সিপিএলের ড্রাফটে তাকিয়ে থাকবেন এই বাঁহাতি স্পিনার। এর আগে সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ নিয়মিত খেলেছেন সিপিএলে। খেলেছেন লিটন কুমার দাসও। মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন ধ্রুব দল পেয়েছিলেন এই টুর্নামেন্টে।
