লালমনিরহাটে বিপুল পরিমাণ সরকারি ওষুধ, মেডিকেল সরঞ্জামাদিসহ দুইজনকে আটক করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ। মঙ্গলবার বিকালে লালমনিরহাট শহরের ড্রাইভারপাড়া এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে ওষুধ, মেডিকেল সরঞ্জামসহ বাসার মালিক আব্দুর রাজ্জাক রেজা ও তার স্ত্রী নিলুফা ইয়াসমিনকে আটক করা হয়।
আটক আব্দুর রাজ্জাক রেজা ওই এলাকার মমতাজ উদ্দিনের ছেলে বলে জানিয়েছে পুলিশ। তিনি ড্রাইভারপাড়া এলাকায় ভাড়া নেওয়া একটি রেলওয়ে কোয়াটারে বসবাস করে আসছিলেন।
উদ্ধার হওয়া এসব সরকারি ওষুধ ও মেডিকেল সরঞ্জামাদি লালমনিরহাট সদর হাসপাতাল এবং বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিভিল সার্জনের অফিসের স্টোর রুম থেকে পাচার হয়ে তাদের কাছে আসে বলে জানা গেছে।
আটক দম্পতি পুলিশ ও সাংবাদিকদের জানান, বিগত আট বছর ধরে তারা পাচার হওয়া সরকারি ওষুধ ও মেডিকেল সরঞ্জামাদি বিভিন্ন ওষুধের দোকানোর মাধ্যমে বিক্রি করে আসছিলেন। কারো নাম উল্লেখ্য না করে তারা পুলিশকে জানিয়েছেন, স্বাস্থ্য বিভাগের লোকজন সরকারি এই কাজের সঙ্গে জড়িত।
আরও পড়ুন: হালুয়াঘাট সীমান্তে বিএসএফের গুলিতে অজ্ঞাত বাংলাদেশি যুবক নিহত
অভিযান পরিচালনাকারী পুলিশ কর্মকর্তা লালমনিরহাট সদর থানার এসআই মিজানুর রহমান জানান, গোপনে খবর পেয়ে ওই বাসায় অভিযান চালানো হয়। উদ্ধার হওয়া মেডিকেল সরঞ্জামাদির মধ্যে ওজন মাপার মেশিন, ডায়াবেটিকস চেক আপ মেশিন, মাস্কস, হ্যান্ড স্যানিটাইজার, প্রেসার মাপার মেশিন রয়েছে। স্বাস্থ্য বিভাগের লোকজনের উপস্থিতিতে থানায় জব্দ হওয়া ওষুধ ও অন্য সরঞ্জমাদির সিজার লিস্ট করে মূল্য নির্ধারণ করা হচ্ছে।
ইত্তেফাক/এসি
