সপ্তাহের তৃতীয় কার্যদিবস গতকাল মঙ্গলবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচক ও লেনদেন উভয়ই বেড়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বাড়লেও কমেছে সূচক। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছে ৭১ কোটি ৯৬ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৫১ কোটি ২৭ লাখ টাকা। এ হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে ২০ কোটি ৬৯ লাখ টাকা। লেনদেন বাড়লেও গত কয়েক দিনের মতো গতকাল লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম অপরিবর্তিত রয়েছে। তবে ডিএসইতে যে কয়েকটি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, কমেছে তার থেকে বেশি। তার পরও প্রধান সূচক কিছুটা বেড়েছে।
লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় এক পয়েন্ট বেড়ে ৩ হাজার ৯৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক দশমিক ৩৫ পয়েন্ট কমে ১ হাজার ৩২৬ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই শরিয়াহ্ সূচক দশমিক ৫৪ পয়েন্ট কমে ৯১৮ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া মাত্র ১৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ২৪টির। আর ২৩৬টির দাম অপরিবর্তিত রয়েছে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৭ পয়েন্ট। লেনদেন হয়েছ ৩০ কোটি ৪১ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ১০৭ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৯টির, কমেছে ১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৯টির।
