আলোকপাত

উন্নত চিকিত্সা ও বিত্তবানদের প্রতি আহ্বান

আপডেট : ২৩ জুন ২০২০, ২১:৪৫

করোনা পরিস্থিতিতে দেশের মানুষ কত অসহায় অবস্থায় আছে তা হাসপাতালগুলোতে দেখা যায়। দেশের সাধারণ মানুষের করুণ আর্তনাদ শোনার বা দেখার কেউ নেই। করোনায় আক্রান্ত হয়ে হাসপাতাল বা ক্লিনিকের দ্বারে দ্বারে ঘুরেও একটু চিকিত্সার ব্যবস্থা করতে পারছে না অনেক মানুষ। সবচেয়ে দুর্ভাগ্যজনক ব্যাপার হলো আমাদের দেশে করোনা পরীক্ষা করতে গিয়ে করোনা রোগী এবং তার পরিবার কী যে দুর্ভোগের শিকার হচ্ছে তা বলাই বাহুল্য। করোনার পরীক্ষার রিপোর্ট আসতেই সময় লাগছে ১২-১৪ দিন। এই ১২-১৪ দিনে রোগীর অবস্থা কোন পর্যায়ে দাঁড়ায় তা সহজেই অনুমেয়। এই ১২-১৪ দিনে রোগী নিজ উদ্যোগে চিকিত্সা নিয়ে ভালো হচ্ছেন অথবা ভাগ্য খারাপ হলে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হচ্ছে।

দেশের চিকিত্সাব্যবস্থা নিয়ে দেশের মানুষ চরম হতশায় ভুগছেন। একটু উন্নত চিকিত্সার জন্য কত কাকুতিমিনতি। কিন্তু তাতে কিছুই হচ্ছে না। কারণ দেশে করোনা আসার পর হাসপাতাল ও বেসরকারি ক্লিনিকগুলো রোগী ভর্তি করানো প্রায় বন্ধ করে রেখেছে (সরকারি হাসপাতালগুলো ছাড়া)। করোনায় আক্রান্ত রোগীরা যখন বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকগুলোতে ভালো চিকিত্সার জন্য গেছেন তখন তাদেরকে তারা নির্মমভাবে ফিরিয়ে দিয়েছে। ভাবতে অবাক লাগে রাজধানী ঢাকা এবং চট্টগ্রামসহ সারা দেশে ব্যাঙের ছাতার মতো অসংখ্য প্রাইভেট ক্লিনিক গড়ে উঠেছে। এই ক্লিনিকগুলো দেশের সাধারণ মানুষের কতটুকু সেবা করছে? দেশে আগে করোনামুক্ত অবস্থায় কোনো অসুস্থ ব্যক্তি প্রাইভেট ক্লিনিকে ভর্তি হলে দেখা গেছে চিকিত্সা শেষে বিরাট অঙ্কের বিল দিতে হয়েছে ক্লিনিকগুলোকে। মানুষ নিরুপায় হয়ে বিরাট অঙ্কের টাকা পরিশোধ করে ক্লিনিক থেকে মুক্ত হয়ে এসেছেন। আবার এমনও দেখা গেছে, চিকিত্সা করাতে গিয়ে ক্লিনিকে রোগী মারা গেছে তখন ক্লিনিকগুলো বড়ো অঙ্কের বিল পরিশোধ না করা পর্যন্ত রোগীর লাশ আটকে রেখেছে। দেশের সরকারি হাসপাতালগুলোতে উন্নত চিকিত্সাসেবার ব্যবস্থা করলে বেসরকারি ক্লিনিকগুলোর ওপর নির্ভরশীলতা কমবে। সরকারের কাছে অনুরোধ করব, দেশে আরো উন্নত মানের হাসপাতাল গড়ে তুলুন। দেশের চিকিত্সাব্যবস্থাকে ঢেলে সাজান। সমস্ত দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে সরিয়ে দক্ষ লোক নিয়োগ করুন। দেশের চিকিত্সাসেবার মান উন্নত হলে করোনার চেয়ে ভয়াবহ রোগ এলেও আল্লাহর রহমতে তা সহজেই প্রতিহত করা সম্ভব হবে। অন্যদিকে দেশের বিত্তবানদেরকে অনুরোধ করব, যাদের প্রচুর টাকাপয়সা আছে তারা যেন দেশের চিকিত্সাব্যবস্থার উন্নয়নে বিশেষ ভূমিকা রাখেন। এ কথা বলছি এ কারণে করোনার কারণে দেশের অনেক বিত্তবান মানুষ বিনা চিকিত্সায় মারা গেছেন। আপনারা যদি এ ব্যাপারে এগিয়ে আসেন তাহলে দেশের চিকিত্সা ব্যবস্থা সম্পূর্ণ পালটে যাবে। আপনারা যদি দেশে উন্নত মানের হাসপাতাল বা ক্লিনিক গড়ে তোলেন এবং সবার জন্য উন্নত চিকিত্সাসেবার ব্যবস্থা রাখেন, তাহলে দেশের মানুষ ভালো চিকিত্সাসেবা পাবেন এবং দুর্ভোগের হাত থেকে মুক্তি পাবেন। থাইল্যান্ড, সিঙ্গাপুর ও ভারতে বিত্তবানরা এ ধরনের হাসপাতাল গড়ে তোলার কারণে সেখানে দেশ-বিদেশের রোগীরা চিকিত্সাসেবা নিয়ে ফিরছেন। আমরাও চাই আপনাদের উদ্যোগে সেই ধরনের হাসপাতাল গড়ে তুলুন, যেখানে দেশি-বিদেশি রোগীরা ভালো চিকিত্সা নিয়ে সম্পূর্ণ সুস্থ হবেন।

n লেখক :বীমা কর্মকর্তা