রাণীশংকৈলে চেতনানাশক খাইয়ে চুরির ঘটনা বেড়ে চলেছে

আপডেট : ২৩ জুন ২০২০, ২২:০৫

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সম্প্রতি চেতনানাশক খাইয়ে বাড়িতে বাড়িতে অভিনব কায়দায় চুরির ঘটনা ঘটার খবর পাওয়া গেছে। উপজেলার করনাইট কুমরগঞ্জ গ্রামের মৃত বজিরউদ্দিনের ছেলে আব্দুল করিম ঠিকাদার তার বাড়িতে এ রকম চুরির ঘটনায় সোমবার (২২ জুন) থানায় একটি অভিযোগ দায়ের করেন।

জানা গেছে, গত ২১ জুন সকাল ৯ টার দিকে উপজেলার করনাইট কুমরগঞ্জ গ্রামের আব্দুল করিম ঠিকাদারের বাড়িতে একই গ্রামের ইসমাইল হোসেনের স্ত্রী ফিরোজা বেগম বেড়াতে আসে। ফিরোজা ওই বাড়ির রান্নাঘরে গিয়ে আব্দুল করিমের স্ত্রী ফাহিমার সঙ্গে গল্প জুড়ে দেয়। এ সময় আব্দুল করিম নাস্তা খেতে চাইলে ফাহিমা নাস্তা নিয়ে স্বামীর ঘরে যায়। এই ফাঁকে ফিরোজা রান্নাঘরের খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে দেয় বলে অভিযোগ করেন আব্দুল করিম। 

এরপর দুপুরে সেদিনের রান্না করা ভাত তরকারি খেয়ে আব্দুল করিম, তার মা জহুরা, স্ত্রী ফাহিমা, বড় ছেলে লোকমান প্রচণ্ড ঘুমের কোলে ঢলে পড়েন। দিবাগত রাতে বাড়ির সবাই গভীর ঘুমন্ত থাকা অবস্থায় চোরেরা বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে নগদ ৫০ হাজার টাকা, স্বর্ণালংকার টিভি ও মোবাইল সেট নিয়ে পালিয়ে যায়। পরদিন সোমবার জ্ঞান ফিরে আব্দুল করিম বাদী হয়ে থানায় ফিরোজার নামে অভিযোগ দায়ের করেন। 

আরো পড়ুন: রংপুর রেঞ্জে শ্রেষ্ঠ পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার

রানীশংকৈল থানার ওসি আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি এবং যথারীতি মামলা রজু করা হয়েছে।  

প্রসঙ্গত, ইতোপূর্বে উপজেলার মীরডাঙ্গী গ্রামের নূরজামাল, দক্ষিণ সন্ধ্যারই গ্রামের অবসরপ্রাপ্ত সৈনিক সামসুল আলম, বন্দরের ফারুক বেকারি ও মাস্টার পাড়ার বিপ্লবের
বাড়িতে একই কায়দায় চুরির ঘটনা ঘটে। কিন্তু চোরেরা কেউ ধরা পড়েনি বলে ভুক্তভোগীরা জানান। এ নিয়ে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।

ইত্তেফাক/এএএম