যশোরে পুলিশের প্রহারে এক ব্যক্তির কিডনি নষ্ট :তদন্ত প্রতিবেদন চেয়েছে হাইকোর্ট

আপডেট : ২৩ জুন ২০২০, ২২:০৬

যশোরে পুলিশ কর্তৃক নির্যাতনের ঘটনায় নির্যাতিত ব্যক্তির শারীরিক অবস্থার ওপর ২৮ জুনের মধ্যে প্রতিবেদন দিতে জেলার সিভিল সার্জনকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে ঐ ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন এ সময়ের মধ্যে হাইকোর্টে পাঠাতে পুলিশ সুপারকে বলা হয়েছে। এ সংক্রান্ত রিট আবেদনের ওপর শুনানি নিয়ে বিচারপতি জে বি এম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্টের একক ভার্চুয়াল বেঞ্চ গতকাল মঙ্গলবার এই আদেশ দেন। রিপোর্ট আসা সাপেক্ষে ঐদিন পরবর্তী শুনানির জন্য দিন ধার্য রেখেছে আদালত।

যশোরের সদর উপজেলার শাহবাজপুর গ্রামের নেছার আলীর ছেলে ইমরান হোসেনকে পুলিশ কর্তৃক নির্মমভাবে প্রহারে দুটি কিডনি নষ্ট হওয়ার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত ও ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব এবং ব্যারিস্টার মোহাম্মদ কাওছার। আবেদনের ওপর আবেদনকারীরা শুনানিতে অংশ নেন।

আবেদনে বলা হয়, গত ৮ জুন যশোরের সদর উপজেলার শাহবাজপুর গ্রামের নেছার আলীর ছেলে ইমরান হোসেনকে সাজিয়ালী পুলিশ ফাঁড়ির পুলিশ অফিসার কর্তৃক নির্মম প্রহারের কারণে তার দুটি কিডনিই অকেজো হয়ে যায়। পরদিন বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এসব প্রতিবেদন যুক্ত করে এ রিট করা হয়।