সিলেটের পল্লিতে জমি নিয়ে দুই পক্ষের ব্যাপক সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন। দক্ষিণ সুরমার মোগলাবাজার থানার নেগাল গ্রামে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী এ সংঘর্ষে নিহত হন চেরাগ আলী (৬৫) নামের এক বৃদ্ধ। এছাড়া সংঘর্ষে উভয়পক্ষে অন্তত ৩০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ছুড়ে।
জানা যায়, নেগাল গ্রামের হাওরে জমির সীমানা নিয়ে গতকাল মঙ্গলবার সকালের দিকে লুত্ফুর রহমান ও আমিন উল্লাহ পক্ষের মধ্যে বচসা শুরু হয়। এক পর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষ থামাতে পুলিশ ছয় রাউন্ড রাবার বুলেট ছুড়ে। ঘটনাস্থল থেকে উভয়পক্ষের ১১ জনকে আটক করা হয়। সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়। গুরুতর আহত চেরাগ আলীকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন।
