রাজধানীতে পৃথক ঘটনায় তরুণীসহ তিন জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজধানীর কামরাঙ্গীরচরে গ্রিলের দোকানে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে তাকবির হোসেন নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। অন্যদিকে, বনানী সাততলা বস্তির একটি বাসায় মুসা মিয়া নামে এক যুবক ও তেজগাঁওয়ের তেজকুনিপাড়ায় মুন্নি আক্তার (২০) নামে এক তরুণী আত্মহত্যা করেছেন বলে জানা যায়।
গতকাল দুপুরে কামরাঙ্গীরচরে বিদ্যুত্স্পৃষ্ট হয় তাকবির (১৫)। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বাটিঘাগরা গ্রামের মৃত সুলতানের ছেলে তাকবির। পরিবারের সঙ্গে ঝাউচড়ে থাকতেন তিনি।
অপরদিকে বনানী সাততলা বস্তির একটি বাসা থেকে মুসা মিয়া (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বনানী থানার উপপরিদর্শক মো. দেলোয়ার হোসাইন জানান, ‘গত রাতে খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়েন। সোমবার রাতে তার স্ত্রী ঘুম থেকে উঠে রুমে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাকে দেখতে পান। ময়নাতদন্তের জন্য রাতেই মরদেহটি ঢামেক মর্গে পাঠানো হয়।
এদিকে তেজগাঁওয়ের তেজকুনিপাড়া এলাকার একটি বাসা থেকে মুন্নি আক্তার নামে এক তরুণীকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার করা হয়। অচেতন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনার পর তাকে মৃত ঘোষণা করা হয়। সোমবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। মুন্নির বাবা জানান, ‘মুন্নি এর আগে একটি কোম্পানিতে চাকরি করলেও বর্তমানে বেকার ছিল।’
