ব্রিজ ভেঙে মির্জাপুর-কালিয়াকৈর শ্রীপুর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

আপডেট : ২৩ জুন ২০২০, ২২:২৯

বালিভর্তি মিনিট্রাকসহ ব্রিজ ভেঙে খালে পড়েছে। ব্রিজ ভেঙে খালে পড়ায় টাঙ্গাইলের মির্জাপুর-কালিয়াকৈর-শ্রীপুর সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার বাঁশতৈল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আজাহারুল ইসলাম জানিয়েছেন, গতকাল রবিবার রাতে বালিভর্তি একটি মিনিট্রাক পার হওয়ার সময় ব্রিজ ভেঙে খালে পড়ে যায়। পরে ট্রাকটি ক্রেনের সাহায্যে তোলা হয়েছে।

বাঁশতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতিকুর রহমান মিলটন জানিয়েছেন, অভিরামপুর খালের ওপর প্রায় ৪০ ফুট লম্বা ও ১০ ফুট প্রস্থের ব্রিজটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ। ব্রিজটি ভেঙে নতুন একটি ব্রিজ তৈরির জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে বার বার অবহিত করা হয়েছে। উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান জানিয়েছেন, মির্জাপুর উপজেলার পাহাড়ি অঞ্চল অভিরামপুর এলাকায় ব্রিজটি দীর্ঘদিন ঝুঁকিপূর্ণ। ব্রিজটি নতুনভাবে নির্মাণের জন্য প্রকল্প তৈরি করে অর্থ বরাদ্দ চেয়ে সংশ্লিষ্ট অধিদপ্তরে পাঠানো হয়েছে। করোনা পরিস্থিতির কারণে বরাদ্দ আসতে বিলম্ব হচ্ছে। তিনি উল্লেখ করেন, ভেঙে যাওয়ায় ব্রিজটি দ্রুততম সময়ের মধ্যে নতুনভাবে তৈরির ব্যবস্থা করা হবে।