নেত্রকোনার কেন্দুয়া-আঠারবাড়ি সড়কের চকপাড়া এলাকায় মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের সংঘর্ষে মোহাম্মদ সাফায়েত (৪৫) নামে সিমেন্ট কোম্পানির এক কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার বিকাল ৩টার দিকে এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত সাফায়েত সেভেন রিংস সিমেন্ট কোম্পানির নেত্রকোনা জেলার ম্যানেজার হিসাবে কর্মরত ছিলেন। তিনি কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের মজলিশপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে। কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামান জানান, পিকআপ চালক পলাতক এবং মরদেহ ময়নাতদন্তের মর্গে পাঠানো হয়েছে।
শরণখোলায় অটোভ্যান চালক নিহত
শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা
শরণখোলায় ইঞ্জিনচালিত টমটমের ধাক্কায় আলী আকবর (২৫) নামে এক অটোভ্যান চালক নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার কদমতলা নামক স্থানে আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১টার দিকে উপজেলা সদর রায়েন্দাবাজারে আসার পথে বিপরীত দিক থেকে সিমেন্টবোঝাই টমটম ভ্যানকে ধাক্কা দিলে আকবর রাস্তায় ছিটকে পড়ে। আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে মোরেলগঞ্জ নামকস্থানে সে মারা যায়। শরণখোলা থানার অফিসার ইনচার্জ এস কে আব্দুল্লাহ আল সাইদ জানান, লাশের সুরতহালসহ টমটমগাড়ি জব্দ করা হয়েছে এবং থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
