নির্বাচনের ফল বাতিলের দাবিতে আজ মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি বাম জোটের

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৯, ০০:৩৪

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল বাতিলের দাবিতে মুখে কালো কাপড় বেঁধে আজ বৃহস্পতিবার সারাদেশে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বাম গণতান্ত্রিক জোট। কেন্দ্রীয় কর্মসূচি পালিত হবে সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে। গতকাল বুধবার বাম জোটের এক সভায় নির্বাচনের ঘোষিত ফল বাতিল করে নতুন নির্বাচনের দাবিতে অবস্থান কর্মসূচি পালনের এই কর্মসূচি ঘোষণা করে।

রাজধানীর পুরানা পল্টনে মুক্তি ভবনে সিপিবি কার্যালয়ে বাম জোটের সমন্বয়ক ও সিপিবি’র সাধারণ সম্পাদক শাহ আলমের সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাসদ (মার্কসবাদী) নেতা শুভ্রাংশ চক্রবর্তী, বাসদ (খালেকুজ্জামান) নেতা বজলুর রশিদ ফিরোজ, সিপিবির সহ-সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির চন্দন, সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির নেতা মোশরেফা মিশু, ইউনাইটেড কমিউনিস্ট লীগের মোশাররফ হোসেন নান্নু, গণসংহতি আন্দোলনের নেতা মনির উদ্দিন পাপ্পু, সমাজতান্ত্রিক আন্দোলনের হামিদুল হক প্রমুখ।