সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের হস্তক্ষেপে সোমবার সন্ধ্যায় বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে এক স্কুলছাত্রী (১৫)। সে স্থানীয় পোড়াডাঙ্গা হাজী এজেম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।
ঐদিন সাঁথিয়া উপজেলার বহলবাড়িয়া গ্রামের রমজান আলীর ছেলে রইচ উদ্দিনের সঙ্গে ঐ কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি চলছিল। এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশন আলী তাত্ক্ষণিক ঘটনাস্থলে গিয়ে বিয়ে বন্ধ করে দেন।
শিবচর (মাদারীপুর) সংবাদদাতা জানান, শিবচর উপজেলা প্রশাসন রাতের আঁধারে এক স্কুলছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছেন। সোমবার রাতে উপজেলার সন্ন্যাসীরচর ইউনিয়নের আদুখারকান্দি গ্রামের দশম শ্রেণির এক স্কুলছাত্রীর বাল্যবিবাহের প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) এম রকিবুল হাসান স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশের ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাত্ক্ষণিক বাল্যবিবাহ বন্ধ করে দেন।
