সংবাদ সংক্ষেপ

আপডেট : ২৩ জুন ২০২০, ২২:৩৭

দর্শনায় ঘরবন্দি মানুষের মধ্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিতরণ

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা রেড জোন এলাকা দামুড়হুদার দর্শনায় লকডাউনে ঘরবন্দি অসহায় দরিদ্র মানুষের মধ্যে মঙ্গলবার নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিতরণ করা হয়েছে। এসব বিতরণ করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান। এ সময় উপস্থিত ছিলেন দর্শনা পৌরসভার মেয়র মো. মতিয়ার রহমান ও চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক প্রশাসক মাহফুজুর রহমান মঞ্জু।

বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন

কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা কোটালীপাড়ায় মঙ্গলবার বিট পুলিশিং এর দুটি কার্যালয় উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার উপজেলার হিরণ ইউনিয়নের মাঝবাড়ী ও বান্ধাবাড়ী ইউনিয়নের বান্ধাবাড়ী বাজারে এ কার্যালয় দুটির উদ্বোধন করা হয়। কোটালীপাড়া থানার ওসি শেখ লুত্ফর রহমান হিরণ ইউনিয়নের মাঝবাড়ী কার্যালয়টি উদ্বোধন করেন। এ সময় হিরণ ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া দাড়িয়া, জেলা পরিষদ সদস্য মাজাহারুল আলম পান্না প্রমুখ উপস্থিত ছিলেন। অপর দিকে কোটালীপাড়া থানার ওসি (তদন্ত) মো. জাকারিয়া বান্ধাবাড়ী ইউনিয়নের বান্ধাবাড়ী বাজারের কার্যালয় উদ্বোধন করেন।

খামারিদের মধ্যে গো-খাদ্য বিতরণ

মনপুরা (ভোলা) সংবাদদাতা মনপুরায় মঙ্গলবার খামারিদের মধ্যে গো-খাদ্য বিতরণ করেছে উপজেলা প্রশাসন। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অর্থায়নে ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে উপজেলার ১২ জন গো-খামারির মধ্যে এই গো-খাদ্য বিতরণ করা হয়। উপজেলা পরিষদের সামনে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস। উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবদুল কুদ্দুছ প্রমুখ।

ভূমি মালিকদের মধ্যে টাকা বিতরণ

নেত্রকোনা প্রতিনিধি নেত্রকোনা শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ভূমি অধিগ্রহণকৃত ১৮ জন ভূমি মালিকের মধ্যে ২ কোটি টাকা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসক মঈনউল ইসলাম জেলা প্রশাসকের হলরুমে এই চেক বিতরণ করেন।  এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেওয়ান তাজুল ইসলাম।

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে টিফিন বক্স বিতরণ

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা পাইকগাছা উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের উদ্যোগে প্রাথমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে টিফিন বক্স বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলিয়া সুকায়নার সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, শিক্ষা কর্মকর্তা খান  মোহাম্মদ আলমগীর প্রমুখ।

করোনায় আক্রান্তদের মধ্যে অর্থ বিতরণ

বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা বদলগাছীতে মঙ্গলবার করোনা ভাইরাসে আক্রান্তদের জনপ্রতি ১০ হাজার টাকা করে বিতরণ করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. আবু তাহির বলেন, প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিল থেকে অসহায়দের মধ্যে প্রতি জনকে ১০ হাজার টাকা করে দেওয়া হয়েছে।

করোনায় আক্রান্ত রোগী শনাক্তকরণে

 স্যাম্পল কালেকশন বুথ উদ্বোধন

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা তালায় করোনায় আক্রান্ত রোগী শনাক্তকরণের জন্য স্যাম্পল কালেকশন বুথ উদ্বোধন করা হয়েছে। তালা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ বুথ উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনত্ কুমার, তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সরদার প্রমুখ।

প্রান্তিক কৃষকদের মধ্যে বীজ ও আর্থিক সহায়তা বিতরণ

তিতাস (কুমিল্লা) সংবাদদাতা তিতাসে মঙ্গলবার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বীজ এবং আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পারিবারিক কৃষির আওতায় সবজি-পুষ্টি বাগান স্থাপনের লক্ষ্যে এগুলো বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদা আক্তারের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বীজ ও অর্থ বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী।

যুব সংঘ নামের সামাজিক সংগঠন গঠিত

চাটখিল ও সোনাইমুড়ি (নোয়াখালী) সংবাদদাতা চাটখিল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড যুবসমাজের উদ্যোগে আত্মমানবতার সেবার লক্ষ্যে টবগা যুব সংঘ নামের একটি সামাজিক সংগঠন গঠন করা হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার বিকালে এলাকার তরুণ সমাজসেবক যুক্তরাজ্যের নাগরিক আলম রব্বানি হূদয়ের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্যের নাগরিক সামছুল আলম।

ঝিনাইদহে গর্ভবতী মায়েদের জন্য ফ্রি মেডিক্যাল ক্যাম্প

ভ্রাম্যমাণ প্রতিনিধি মুজিববর্ষ উপলক্ষ্যে ঝিনাইদহে গর্ভবতী মায়েদের বিনা মূল্যে স্বাস্থ্যসেবা দিয়েছে সেনাবাহিনী। সোমবার দুপুর থেকে বিকাল পর্যন্ত কোটচাঁদপুর উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয়ে এ ক্যাম্পের আয়োজন করে সেনাবাহিনীর যশোর ৫৫ পদাতিক ডিভিশন। দিনব্যাপী এই ক্যাম্পে সেনাবাহিনীর পাঁচ জন ও তিন জন বেসামরিক চিকিত্সক তিন শতাধিক গর্ভবতী নারীকে উন্নত স্বাস্থ্যসেবা ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষাসহ বিনা মূল্যে ওষুধ দেন। এ সময় উপস্থিত ছিলেন ৫৫ পদাতিক ডিভিশনের ৮৮ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম ফয়সাল বাতেন ও ২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাসির উদ্দিন আহমেদ।