ওয়ার্কার্স পার্টি সভাপতি ও সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, একাদশ জাতীয় নির্বাচনে ‘নৌকা’র যে বিশাল বিজয় এসেছে, তা কোনো বিচ্ছিন্ন ঘটনার ফসল নয়। এ বিজয় গত ১০ বছরের উন্নয়ন ও পরিশ্রমের ফসল। বর্তমান সরকারের গত ১০ বছরের ক্রমবর্ধমান উন্নয়ন কর্মকাণ্ডে দেশের মানুষ কেবল তুষ্টই থাকেনি, ভোটের মাধ্যমেই তাদের ইচ্ছার বহিঃপ্রকাশ ঘটিয়েছে। যদি মহাজোট ভোটে হেরে যেত, তাহলে দেশ খুব বড় বিপর্যয়ের সম্মুখীন হতো। গতকাল বুধবার তিনি তার মিন্টো রোডের সরকারি বাসায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের সভাপতি সৈয়দ আলী আকবরের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুছা চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারিগরি সমিতির সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক মাহাবুব সরকার, কর্মচারী সমিতির সভাপতি সারওয়ার হোসেন ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।
