বিসিকে ট্রাকচাপায় পিষ্ট হয়ে ঘুমন্ত দুই গার্ডের মৃত্যু

আপডেট : ২৩ জুন ২০২০, ২২:৪৭

নারায়ণগঞ্জের বিসিক এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘুমন্ত দুই গার্ড নিহত হয়েছেন। বিসিকের ২ নম্বর সড়কের ৫ নম্বর গলিতে লতিফ নিটিং নামক একটি প্রতিষ্ঠানে তারা কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো আশ্রাফুল ও লাল চন্দ্র গত সোমবার দিবাগত রাতেও ডিউটিরত ছিলেন। রাত দেড়টার দিকে তারা কিছুটা বিশ্রাম নিতেন। ব্যতিক্রম হয়নি গত রাতেও। অন্য সময় তারা প্রতিষ্ঠানের সিঁড়ির নিচে কিংবা অন্য স্থনে বিশ্রাম নিলেও ঐ রাতে তারা রাস্তায় বিছানা করে শুয়ে পড়েন। তাদের এমন চিন্তাভাবনার কারণ হলো, ৫ নম্বর গলি দিয়ে কোনো পথ নেই এবং গাড়ি যাতায়াতও করে না। কিন্তু সেই ঘুমই যেন তাদের জীবনে কাল হয়ে দাঁড়াল।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভোররাত সাড়ে ৪টার দিকে হঠাত্ একটি কাভার্ড ভ্যান প্রবেশ করে ঐ গলিতে। গলিতে প্রবেশ করে কাভার্ড ভ্যানটি আশ্রাফুল ও লাল চন্দ্রের ওপর দিয়ে উঠিয়ে দেয়। কাভার্ড ভ্যানটি ফেরত আসার সময় আবারও তাদের শরীর রাস্তার সঙ্গে পিষ্ট করে দেয়। এ ব্যাপারে নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ জানান, রাস্তায় বিশ্রাম গ্রহণকালে হঠাত্ একটি কাভার্ড ভ্যান তাদের ওপর দিয়ে উঠিয়ে সামনে অগ্রসর হয়। সামনে কোনো পথ না পেয়ে আবারও তাদের ওপর দিয়ে সেটি পেছনে ফিরে আসে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

লতিফ নিটিং মিলের      মালিক মাহবুবুর রহমান স্বপন বলেন, ‘বাইরে ঘুমানোর অনুমতি নেই। আমি সকাল সাড়ে ৫টায়  বিষয়টি জানতে পারি। বিকেএমইএর যে নিয়ম আছে, তা অনুযায়ী জিএসের সঙ্গে কথা বলে যতটুকু সাহায্য দেওয়া দরকার দেব।’ নারায়ণগঞ্জ বিসিকের সিকিউরিটি ইনচার্জ আনিস জানান, ‘আশ্রাফুল (৭০) নাটোরের জেডিজানদেওয়া এলাকার বাসিন্দা। লাল চন্দ্র (৩৫) নীলফামারী এলাকার শ্রী চন্দ্র রায়ের ছেলে।