পুলিশ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ করতে আইজিপির নির্দেশ

আপডেট : ২৩ জুন ২০২০, ২২:৪৭

পুলিশে কনস্টেবল পদে শারীরিক, মানসিক, বুদ্ধিবৃত্তিক এবং নৈতিকভাবে অধিকতর সক্ষম ও যোগ্য প্রার্থী নিয়োগের জন্য আবেদন ও নিয়োগ প্রক্রিয়া আধুনিকায়ন করা হচ্ছে। কনস্টেবল নিয়োগ পদ্ধতির আধুনিকায়নে আবেদন প্রক্রিয়া অনলাইনভিত্তিক করার নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। অনলাইন আবেদন ফরম যাতে সাধারণ মানুষ সহজেই বুঝতে পারে সেদিকে খেয়াল রেখে তা প্রণয়ন এবং পরীক্ষাপদ্ধতি অনুসরণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন আইজিপি। গতকাল মঙ্গলবার বিকালে পুলিশ সদর দপ্তরে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডিরেক্টরেটের কর্মকর্তাদের সঙ্গে এক সভায় তিনি এ নির্দেশনা দেন। আইজিপি বলেন, কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ার যে কোনো ধরনের দুর্নীতি ও অনিয়ম রোধে একটি বাস্তবসম্মত পদ্ধতি অবলম্বন করতে হবে। প্রার্থীদের  ভেরিফিকেশনের জন্য যথাযথ সিকিউরিটি ফিচারস অনুসরণ করতে হবে, যাতে কেউ ভুয়া ঠিকানা বা ভুল তথ্য দিয়ে চাকরি না পায়। অথবা কোনো অসাধু চক্র কোনোভাবেই নিয়োগ প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে না পারে। আইজিপি বলেন, নিয়োগপ্রাপ্তদের জন্য দীর্ঘ মেয়াদি ও উন্নত প্রশিক্ষণের পরিকল্পনা গ্রহণ এবং তাদের ক্যারিয়ার প্ল্যান প্রস্তুত করে তা বাস্তবায়ন করতে হবে।