করোনাদুর্যোগে মানুষের পাশে থাকার অঙ্গীকার, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি ও প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, মিলাদ ও দোয়া মাহফিল, খাদ্য বিতরণ, মাছের পোনা অবমুক্তকরণ, গাছের চারা রোপণসহ নানা কর্মসূচির মাধ্যমে গতকাল মঙ্গলবার আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। তবে করোনা ভাইরাসের কারণে প্রতি বছরের মতো আনুষ্ঠানিকতার জাঁকজমক ছিল না, হাজারো নেতাকর্মীর পদচারণাও দেখা যায়নি।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা : প্রতিষ্ঠাবার্ষিকীর দিনটিতে জাতির পিতা বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত ধানমন্ডি ৩২ নম্বরে এসেছিলেন মাস্ক পরে ও শারীরিক দূরত্ব মেনে আওয়ামী লীগের সীমিতসংখ্যক নেতাকর্মী। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তারা। প্রথমে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। পরে তিনি দলীয় নেতাদের সঙ্গে নিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। বর্তমান এ সময়ে করোনাকে জয় করে জনগণের সুরক্ষা নিশ্চিত করাই দলের জন্য বড়ো চ্যালেঞ্জ বলে মনে করেন শ্রদ্ধা জানাতে আসা নেতারা। নানা ঘাত-প্রতিঘাত সহ্য করে দেশবাসীর ভাগ্যোন্নয়নে কাজ করে যাওয়ার আশা তাদের। এর আগে সকালে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ও ধানমন্ডির দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়সহ সারা দেশের দলীয় কার্যালয়সমূহে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করা হয়।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনকালে অন্যান্যের মধ্যে দলের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, আব্দুল মতিন খসরু ও আব্দুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও মির্জা আজম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আব্দুস সবুর, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী প্রমুখ উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, বাংলাদেশ ছাত্রলীগ, তাঁতী লীগ, আওয়ামী মত্স্যজীবী লীগ, স্বাধীনতা চিকিত্সক পরিষদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করে। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
প্রতিষ্ঠাবার্ষিকীর দিন বিকালে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। রাত সাড়ে ৮টায় ‘গণমানুষের দল আওয়ামী লীগ’ শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সরাসরি ওয়েবিনারটি দেখা যায়।
বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা : গোপালগঞ্জ প্রতিনিধি জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে স্বাস্থ্যবিধি মেনে শ্রদ্ধা নিবেদন করেছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। সকাল ১০টায় নেতৃবৃন্দ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিসৌধ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর নেতৃবৃন্দ পবিত্র ফাতেহা পাঠ ও দোয়া-মোনাজাত করেন। পরে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ, টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগ নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা জানান।
এ সময় কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান প্রমুখ উপস্থিত ছিলেন। পরে জাহাঙ্গীর কবির নানক সাংবাদিকদের বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ জনগণের রায় নিয়ে ক্ষমতায় এসে আজকে উন্নয়ন অগ্রগতি ও শান্তির ধারাকে অক্ষুণ্ন রেখেছে।
মুক্তিযোদ্ধাদের ফল উপহার, বৃক্ষরোপণ ও পোনা অবমুক্তকরণ : আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ কৃষক লীগের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের মধ্যে মৌসুমি ফল ও করোনা ভাইরাস প্রতিরোধসামগ্রী বিতরণ করা হয়। ঢাকা-৫ নির্বাচনি এলাকার বিভিন্ন স্কুল ও কলেজ প্রাঙ্গণে প্রায় ১ হাজার ২০০ বৃক্ষরোপণ করা হয়। এছাড়া কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়। ধানমন্ডি লেকে ১ লাখ মাছের পোনা অবমুক্ত করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ এমপি। এরপর হাতিরঝিলেও ৫০ হাজার পোনা অবমুক্ত করে মত্স্যজীবী লীগ। বাদ জোহর বায়তুল মোকাররম মসজিদে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
