পরীক্ষা বাড়লেও শনাক্তের হার কমেছে

আপডেট : ২৩ জুন ২০২০, ২৩:১৬

দেশে করোনা শনাক্তের ১০৮তম দিনে পরীক্ষা বাড়লেও করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্তের হার কমেছে। গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ২৯২ জনের নমুনা পরীক্ষায় ৩ হাজার ৪১২ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। সোমবারের চেয়ে মঙ্গলবার ৬৮ জন কম শনাক্ত হয়েছেন। সোমবার ১৫ হাজার ৫৫৫টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৩ হাজার ৪৮০ জন। দেশে বর্তমানে মোট করোনা আক্রান্ত মানুষের সংখ্যা ১ লাখ ১৯ হাজার ১৯৮ জন।

এক দিনে আরো ৪৩ জনের মৃত্যুর মধ্য দিয়ে দেশে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ৫৪৫ জন। নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা মঙ্গলবার দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন।

আইইডিসিআরের অনুমিত হিসাবে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগী ও বাড়িতে থেকে চিকিত্সা নেওয়া রোগীদের মধ্যে আরো ৮৮০ জন রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা ৪৭ হাজার ৬৩৫ জনে দাঁড়িয়েছে। বাংলাদেশে করোনা ভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ৮ মার্চ, তার ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। ১৮ জুন দেশে শনাক্ত রোগীর সংখ্যা ১ লাখ ছাড়িয়ে যায়। মৃত্যুর সংখ্যা দেড় হাজার ছাড়ায় ২২ জুন। ডা. নাসিমা সুলতানা বলেন, গত এক দিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে ৩৮ জন পুরুষ, পাঁচ জন নারী। তাদের মধ্যে ৩০ জন হাসপাতালে এবং ১২ জন বাড়িতে মারা যান; এক জনকে মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছিল। তাদের ১৬ জন ঢাকা বিভাগের, ১৫ জন চট্টগ্রাম বিভাগের, ছয় জন রাজশাহী বিভাগের, দুই জন খুলনা বিভাগের, এক জন বরিশাল বিভাগের, এক জন সিলেট বিভাগের এবং দুই জন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন। এই ৪৩ জনের মধ্যে দুই জনের বয়স ছিল ৮০ বছরের বেশি।

এছাড়া পাঁচ জনের বয়স ৭১-৮০ বছরের মধ্যে, ১০ জনের বয়স ৬১-৭০ বছরের মধ্যে, ১৮ জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে, ছয় জনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে, এক জনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে এবং এক জনের বয়স ১১ থেকে ২০ বছরের মধ্যে ছিল।