ভারতের ভিসা প্রক্রিয়া আরো সহজ করতে দেশের ছয় জেলায় চালু হচ্ছে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র। আগামী ৬ জানুয়ারি থেকে ঠাকুরগাঁও ও বগুড়া এবং ১২ জানুয়ারি থেকে কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া ও সাতক্ষীরায় ভিসা আবেদন কেন্দ্রগুলো চালু হবে। গতকাল বুধবার ঢাকায় ভারতীয় হাইকমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ভারতীয় হাইকমিশন জানায়, প্রান্তিক ও দূরবর্তী এলাকাগুলোতে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের ভারতীয় ভিসা চাহিদা পূরণ ও ভিসাপ্রাপ্তি সহজতর করার লক্ষ্যে এই ছয়টি ভিসা আবেদন কেন্দ্র চালু করা হচ্ছে। বর্তমানে বাংলাদেশের বিভিন্ন অংশে নয়টি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র চালু রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, বাংলাদেশ জুড়ে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র চালু, সুযোগ-সুবিধা, ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া সুদৃঢ় ও ভারত-বাংলাদেশের মানুষে মানুষে সম্পর্ক শক্তিশালী করার জন্য ভারতীয় স্টেট ব্যাংকের সহযোগিতায় ভারতীয় হাই কমিশনের অব্যাহত প্রচেষ্টারই প্রতিফলন নতুন ভিসা কেন্দ্রগুলো।
