গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর ফুসফুসের সংক্রমণ স্থিতিশীল রয়েছে। তবে গলাব্যথার কারণে তার কথা বলতে সমস্যা হচ্ছে। এ কারণে তিনি কথা না বলে সবার সঙ্গেই লিখে বা ইশারায় কথা বলছেন।
জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু গতকাল মঙ্গলবার চিকিত্সকদের বরাত দিয়ে জানান, গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিত্সাধীন জাফরুল্লাহ চৌধুরীর গলাব্যথা থাকায় উচ্চারণে সমস্যা হচ্ছে। অবশ্য তার নিউমোনিয়া স্থিতিশীল। প্রয়োজনীয় চিকিত্সা চলছে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৯ মে জাফরুল্লাহ চৌধুরী গণস্বাস্থ্য নগর হাসপাতালে ভর্তি হলেও বর্তমানে তিনি করোনামুক্ত।
এদিকে, জাফরুল্লাহ চৌধুরীর নোভেল করোনা সংক্রমণ থেকে মুক্তি, তার চিকিত্সা ব্যয় এবং তার লেখা ‘করোনা বনাম বিশ্ব পুঁজিবাদ :২০২০-২১ বাংলাদেশ বাজেট’ নিয়ে আজ সকাল ১১টায় গণস্বাস্থ্য নগর হাসপাতালে এক আলোচনা সভা হবে।
