করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে ফেস মাস্ক না পরার কারণে বুলগেরিয়ার প্রধানমন্ত্রী বয়কো বোরিসোভকে ১৭৪ মার্কিন ডলার জরিমানা করছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। গতকাল মন্ত্রণালয় জানিয়েছে, হাজার বছরের ঐতিহ্যবাহী পুরোনো একটি গির্জা পরিদর্শনে গিয়ে মাস্ক না পরায় তাকে এই জরিমানা দিতে হবে। গত সপ্তাহে বলকান অঞ্চলের এই দেশটিতে করোনা ভাইরাসের রেকর্ড সংক্রমণের পর সোমবার বুলগেরিয়ানদেরকে সব ধরনের ঘরোয়া অনুষ্ঠানে পুনরায় মাস্ক পরার নির্দেশ দেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী কিরিল আনানিয়েভ। বার্তা সংস্থা রয়টার্সের কাছে পাঠানো এক ই-মেইল মন্ত্রী কিরিল জানান, রিলা মোনাসটারি গির্জায় সুরক্ষা মাস্ক ছাড়া যারা প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়েছিলেন তাদের সবাইকে জরিমানা করা হবে। এদিকে ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ের বলসোনারোকে মাস্ক পরার নির্দেশ দিয়েছে দেশটির আদালত। স্থানীয় নিয়ম অনুযায়ী, প্রেসিডেন্টকে মাস্ক পরার নির্দেশ দিয়ে আদালতের বিচারক বলেছেন, বাইরে গেলে অবশ্যই প্রেসিডেন্টকে মাস্ক পরতে হবে। -রয়টার্স ও আলজাজিরা
