স্বাস্থ্য খাতের দুর্নীতিবাজদের ওপর বুলডোজার চালাতে হবে : সংসদে ইনু

আপডেট : ২৪ জুন ২০২০, ০০:৪৫

জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, করোনা পুষে রেখে অর্থনীতি সচল হবে না, দুর্নীতি পুষে রেখে করোনা মোকাবিলা করা যাবে না। ক্যাসিনো বন্ধে যেভাবে বুলডোজার চালানো হয়েছিল, ঠিক তেমনভাবে স্বাস্থ্য খাতের দুর্নীতিবাজদের ওপর বুলডোজার চালাতে হবে। ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর গতকাল মঙ্গলবার সংসদে সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন।

ইনু বলেন, স্বাস্থ্য খাতে অব্যবস্থাপনা, সমন্বয়হীনতা ও ভয়ংকর দুর্নীতি দূর করতে হবে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, সংক্রমণরোগ বিশেষজ্ঞ, ভাইরোলজি বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠন করে লাল-হলুদ-সবুজ জোনভিত্তিক ব্যবস্থাপনা পরিচালনা এবং প্রধানমন্ত্রীকে নিয়মিত রিপোর্টের ব্যবস্থা করতে হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর অর্থনীতি পুনরুদ্ধারে ১ লাখ কোটি টাকা প্রণোদনা ঘোষণা আর করোনা মোকাবিলায় বাজেটে ১০ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব, এডিবির প্রকল্প বাদ রেখে হিসাব করলে বাজেট দেখে মনে হয় দেশে ও দুনিয়ায় করোনা বলে কিছু নেই। বাজেটে বরাদ্দ খাতের অগ্রাধিকার সঠিকভাবে নির্ণয় করা হলেও গতবারের তুলনায় বৃদ্ধির পরিমাণ ও হার খুবই গতানুগতিক, ছকেবাঁধা নিয়ম মাফিক বৃদ্ধি। তিনি সর্বজনীন জনস্বাস্থসেবা ব্যবস্থা গড়ে তোলা, সর্বজনীন সামাজিক সুরক্ষাব্যবস্থা গড়ে তোলার জন্য ছকের বাইরে গিয়ে বাজেটে স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির দাবি জানান।