করোনা ভাইরাসের মহামারি পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্রের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করতে পারে ইউরোপীয় ইউনিয়ন। মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, করোনা রোগীদের সংখ্যা বেশি হওয়ায় রাশিয়া, ব্রাজিল এবং যুক্তরাষ্ট্রকে একই ক্যাটাগরিতে রাখা হয়েছে। তবে এই বিষয়ে হোয়াইট হাউজের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।
এই বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের এক কূটনীতিক জানান, একটি নির্বাহী কমিশন বাইরের দেশগুলোর যাত্রীদের প্রবেশের জন্য করোনার বৈশ্বিক মহামারি পরিস্থিতি বিবেচনায় তিনটি মানদণ্ড নির্ধারণ করেছে। তবে এই বিষয়ে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোকে সিদ্ধান্ত নিতে হবে যে এর শুরু কিভাবে হবে এবং তার জন্য কি ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরেকজন কূটনীতিক রয়টার্সকে বলেন, কোনো তালিকা নেই শুধু মানদণ্ড নির্ধারণ করা হয়েছে। এই কূটনীতিক জানায়, এক লাখ আক্রান্তের সংখ্যা বিবেচনা করে যাত্রীদের প্রবেশ করতে দেয়া হবে কি না সেদিকটি নিয়ে সদস্য রাষ্ট্রগুলো ভেবে দেখছে। তবে এখনো এ নিয়ে কোনো সিদ্ধান্ত এখনো নেয়া হয়নি।
এই মাসের শুরুতে ইউরোপিয়ান কমিশন ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশ থেকে আসা ভ্রমণকারীদের জন্য জুলাই থেকে সীমান্ত খুলে দেয়া সুপারিশ করে। আর কোন দেশ থেকে এই ভ্রমণকারীরা আসতে পারবে সে জন্য তিনটি মানদণ্ড নির্ধারণ করে দেয়। ওই মানদণ্ডে বলা হয়, ইউরোপীয় ইউনিয়ন অন্তর্ভুক্ত দেশগুলোর মতো গড়ে করোনা রোগী নিয়ন্ত্রণে থাকতে হবে, ভ্রমণের সময় করোনা প্রতিরোধক ব্যবস্থা থাকতে হবে এবং দর্শনার্থী হিসেবে ইউরোপীয় ইউনিয়নে আসার ইচ্ছা থাকতে হবে। এই বিষয়ে বুধবার ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে বৈঠক করার কথা রয়েছে।
গত মার্চে ইউরোপে করোনা প্রকোপ বেড়ে যায়। তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর নাগরিকদের যুক্তরাষ্ট্র প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছিলেন ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা।
ইত্তেফাক/এআর
