মতলবে করোনা উপসর্গে উপজেলা হিসাবরক্ষণ অফিসারের মৃত্যু

আপডেট : ২৪ জুন ২০২০, ০৯:১৪

করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মতলব দক্ষিণ উপজেলা হিসাবরক্ষণ অফিসার আব্দুল বারেক বকাউল (৫৫) মারা গেছেন। বুধবার রাত ৩টার দিকে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

তার বাড়ি মতলব দক্ষিণ উপজেলার বহরী গ্রামে। মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, তিনি কয়েকদিন ধরে করোনা ভাইরাসের নানা উপসর্গ নিয়ে অসুস্থ ছিলেন। মঙ্গলবার তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। ওই দিন রাত ১১টায় চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে তাকে ভর্তি করা হয়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় রেফার করেন। পরে পরিবারের লোকজন ঢাকায় নেয়ার সময় পথে তার মৃত্যু হয়।

এদিকে গত ২২ জুন একই অফিসের কর্মচারী( অফিস সহায়ক) রেদওয়ানুল কবির(৩৬) করোনা উপসর্গ নিয়ে মারা যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক বলেন, স্বাস্থ্যবিধি মেনে তাঁর দাফনের প্রস্তুতি চলছে। তিনি মতলব উত্তর উপজেলারও হিসাবরক্ষণ কর্মকর্তার অতিরিক্ত দায়িত্ব পালন করছিলেন।

ইত্তেফাক/এমআর