তালায় নারায়ণগঞ্জ ফেরত যুবকের করোনা পজিটিভ, মোট আক্রান্ত ১৮

আপডেট : ২৪ জুন ২০২০, ০৯:৪৪

সাতক্ষীরার তালায় মো. আবু মুসা (৩৪) নামের এক যুবকের করোনা পজিটিভ এসেছে। তিনি নারায়ণগঞ্জে একটি ফ্যাক্টরিতে কাজ করেন। মুসা উপজেলার খলিলনগর ইউনিয়নের দক্ষিণ নলতা গ্রামের মো. বখতিয়ার সানার পুত্র।

বুধবার (২৪ জুন) সকালে তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সরদার বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় করোনা আক্রান্ত যুবকের বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়। এ নিয়ে তালা উপজেলা ৫ নারীসহ মোট ১৮ জন করোনা পজেটিভ রোগী সনাক্ত হলেও দুইজন ইতিমধ্যে সুস্থ হয়েছেন বলে জানিয়েছেন তিনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মুসা নারায়ণগঞ্জে একটি ফ্যাক্টরিতে কাজ করেন। কিছুদিন আগে বাড়িতে আসলে জ্বর,সর্দি, কাশিসহ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন তিনি। এ সময় স্থানীয় ডাক্তারের পরামর্শ অনুযায়ী গত ১৯ জুন তালা হাসপাতালের কোভিড-১৯ এর পরীক্ষার জন্য নমুনা দিয়ে আসেন। মঙ্গলবার তার কোভিড-১৯ এর রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে তিনি বাড়িতেই আছেন। এ সময় তালা থানা পুলিশের কুইক রেসপন্স টিম করোনায় আক্রান্ত মুসার বসতবাড়িসহ আশেপাশের ১০টি বাড়ি পুনরায় লকডাউন ঘোষণা করেন। 

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান, আক্রান্ত যুবকের বাড়িসহ আশেপাশের কয়েকটি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। সকল ধরনের সহায়তার জন্য পুলিশ সবসময় তাদের পাশে আছে জানিয়ে তিনি সকলকে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ দেন।

ইত্তেফাক/এমআর