এবারের নির্বাচনকে সত্তরের নির্বাচনের সঙ্গে তুলনা করলেন শেখ হাসিনা

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৯, ০০:৪৭

প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সদ্য অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ১৯৭০ সালের নির্বাচনের সঙ্গে তুলনা করে বলেছেন, দেশের জনগণ এবার প্রতীক দেখে ভোট দিয়েছে, প্রার্থী দেখে নয়। গতকাল বুধবার সন্ধ্যায় ভারতের বিদায়ী হাইকমিশনার হর্ষবর্ধন শ্রীংলা গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করতে এলে শেখ হাসিনা আরো বলেন, ‘এটা ছিল ১৯৭০ সালের নির্বাচনের মত, জনগণ কেবল প্রতীক দেখেই তাঁদের ভোট দিয়েছে, তারা এটাও দেখেনি প্রার্থী কে ছিল। তারা নৌকাতে ভোট দিয়েছে, যেহেতু তারা উন্নয়নের সুফল লাভ করেছে।’ সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

৩০ ডিসেম্বরের নির্বাচন শান্তিপূর্ণ ছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এটা বিশেষ করে বেসামরিক প্রশাসন এবং সশস্ত্রবাহিনী, পুলিশ, বিজিবি, আনসার, কোস্ট গার্ডসহ সকলের সহযোগিতার কারণেই সম্ভব হয়েছে। তিনি বলেন, ‘সকল দলও নির্বাচনে অংশগ্রহণ করে।’ দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ এবং ভারত সীমান্ত সমস্যা, এবং সমুদ্রসীমার সমস্যাসহ বিভিন্ন সমস্যাবলী আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধান করতে পেরেছে। তিনি বলেন, ‘প্রতিবেশির সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে এটি অন্যদের জন্য একটি উদাহারণ।’

ভারতের হাইকমিশনার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ে প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, ‘নির্বাচনে আওয়ামী লীগের বিপুল বিজয় ছিল বাংলাদেশের বিগত ১০ বছরের চমকপ্রদ উন্নয়নের প্রতিফলন।’ এ প্রসঙ্গে শ্রীংলা বলেন, বাংলাদেশের জনগণ সন্ত্রাস এবং হরতাল চায় না এবং তারা শান্তিতে বসবাস করতে চায়। হাইকমিশনার প্রধানমন্ত্রীকে অবহিত করেন যে, বাংলাদেশের নির্বাচন সম্পর্কে ভারতীয় গণমাধ্যমে সর্বোপরি ইতিবাচক সংবাদই পরিবেশিত হয়েছে এবং সম্পাদকীয়গুলোতে নির্বাচনের প্রসংশা করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের ভূয়শী প্রশংসা করে শ্রীংলা বলেন, আর্থ-সামাজিক উন্নয়ন এবং নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে বাংলাদেশ এখন এই অঞ্চলের একটি পরিবর্তিত শক্তি।

ভারতের হাইকমিশনার বলেন, তিনি তার স্ত্রীকে সঙ্গে নিয়ে ‘ডকুড্রামা’-হাসিনা: এ ডটারস টেল’ প্রত্যক্ষ করেছেন এবং এতে তিনি গভীরভাবে আলোড়িত হয়েছেন।

এ সময় প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, মুখ্য সচিব মো. নজিবুর রহমান, সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন এবং হাইকমিশনারের সহধর্ির্মনীও উপস্থিত ছিলেন।

শেখ হাসিনার জয় মুক্তিযুদ্ধের

চেতনার পক্ষে গণরায় :শ্রিংলা

ভারতের বিদায়ী হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হ্যাটট্রিক জয় বাংলাদেশের উন্নয়ন ও মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে গণরায়। নির্বাচনে জয়ের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিনন্দন জানিয়েছেন। এই জয়ের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরো সমৃদ্ধ হবে। গতকাল বুধবার সচিবালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাত্ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘হ্যাট্রিক’ বিজয় অর্জন করেছেন। ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লক্ষ্য পূরণে এটি জনগণের আস্থার প্রতিফলন। এই বিজয়ে  দু’দেশের মধ্যকার সম্পর্ক আরো সমৃদ্ধ হবে।