বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার নির্বাচন কমিশনের সাবেক উপসচিব সামছুল আলমকে তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। শেরেবাংলা নগর থানা-পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর হাকিম আতিকুল ইসলাম গতকাল বুধবার এই আদেশ দিয়েছেন।
রিমান্ড আবেদনে বলা হয়েছে, দুই বছর আগে নির্বাচন কমিশনের উপসচিব পদ থেকে অবসরে যান সামছুল। গত ৩১ ডিসেম্বর বিকেলে নিজের মোবাইল থেকে নির্বাচন কমিশনের অফিস সহকারী মুহাম্মদ আমজাদ হোসেনকে ফোন করেন। আমজাদকে ফোনটি নির্বাচন কমিশনের প্রশাসনিক কর্মকর্তা অরবিন্দ দাশের কাছে দিতে বলেন। সামছুল আলম তখন অরবিন্দ দাশের কাছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি প্রাথমিক ফলাফলের গেজেট প্রকাশের আগে বার্তাশিট চান। অরবিন্দ তখন সামছুলকে জানান, বার্তাশিট তৈরি করতে আরও দুই ঘণ্টা সময় লাগবে। আর গেজেট প্রকাশের আগে এই তথ্য দেওয়া সম্ভব নয়।
এই ঘটনায় নির্বাচন কমিশন কর্মকর্তা অরবিন্দ সাবেক উপসচিব সামছুল আলমের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে গত মঙ্গলবার শেরেবাংলা নগর থানায় মামলা করেন। মামলায় পরস্পর যোগসাজশে সরকারি সম্পত্তি ও জানমালের ক্ষতি করার জন্য অন্তর্ঘাতমূলক কাজ করার অপচেষ্টার অভিযোগ আনা হয়। পরে সাবেক উপসচিব সামছুলকে নির্বাচন কমিশন সচিবের একান্ত সচিবের (পিএস) কক্ষ থেকে ৩১ ডিসেম্বর বিকেল সাড়ে পাঁচটায় আটক করা হয়।
