এবার নিজের ইউটিউব চ্যানেল

আপডেট : ২৪ জুন ২০২০, ১৯:৫০

সুন্দর অভিনয় দিয়ে ইতিমধ্যেই দর্শকের মন জয় করেছেন লাক্স তারকা মিম। ক্যারিয়ারের শুরু থেকেই অভিনয় করছেন নানা ভিন্নধর্মী চরিত্রে। সম্প্রতি নিজের অভিনীত চলচ্চিত্র দিয়ে ইউটিউব চ্যানেলে যাত্রা শুরু করেছেন। প্রতিভাময়ী এই অভিনেত্রীর হালের খবর জানাচ্ছেন অজেয় চৌধুরী

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের দীর্ঘদিন ধরেই ইচ্ছে ছিল নিজের নামে একটি ইউটিউব চ্যানেল খুলবেন। কিন্তু নিজের কাজের ব্যস্ততার কারণে সেটা যেন করাই হয়ে উঠছিল না তার। অবশেষে করোনার এই লকডাউনের সময়টাকে কাজে লাগিয়ে মিম নিজের নামে একটি ইউটিউব চ্যানেল খুলেছেন। চ্যানেলের নাম দিয়েছেন ‘বিদ্যা সিনহা মিম’। গত ২৯ মে থেকে ইউটিউব চ্যানেলটির যাত্রা শুরু হয়েছে। যেহেতু নিজের নামে ইউটিউব চ্যানেল, তাই মিমের ইচ্ছে ছিল যেন নিজের অভিনীত কোনো চলচ্চিত্র দিয়েই যেন তার ইউটিউব চ্যানেলেটির যাত্রা শুরু হয়।

লকডাউনের এই দিনগুলোতে মিম রায়হান রাফির নির্দেশনায় অভিনয় করেছেন ‘কানেকসন’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে। তাতে মিম অভিনী করেছেন তাহসান খানের বিপরীতে। মোবাইল ক্যামেরায় ধারণকৃত যার যার বাসায় অবস্থান করেই তাহসান খান ও মিম চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন। মিমের ইউটিউব চ্যানেলে ‘কানেকসন’ চলচ্চিত্রটি প্রকাশের পর থেকেই বেশ সাড়া পাচ্ছেন তিনি। এরই মধ্যে মিমের চ্যানেলেটি সাবস্ক্রাইব করেছেন পনেরো হাজারেরও বেশি ভিউয়ার্স। অন্যদিকে, মিম তাহসান অভিনীত ‘কানেকসন’ চলচ্চিত্রটি উপভোগ করেছেন প্রায় চল্লিশ হাজার ভিউয়ার্স। খুব অল্প সময়েই নিজের চ্যানেলের এমন সাফল্যে বেশ উচ্ছ্বসিত বিদ্যা সিনহা মিম।

এ প্রসঙ্গে লাক্সতারকা মিম বলেন, আমার নিজের নামের ইউটিউব চ্যানেলের স্বপ্ন অবশেষে সত্যি হলো। এখন থেকে নিয়মিত আমার ইউটিউব চ্যানেলে নানান ধরনের কন্টেন্ট থাকবে, যা শুধুমাত্র আমার চ্যানেলেই দর্শক উপভোগ করতে পারবেন। কানেকসন আমার চ্যানেলের প্রথম কন্টেন্ট। কানেকসন প্রকাশের পর থেকে এতে অভিনয়ের জন্যও বেশ প্রশংসা করছেন সবাই। সত্যি বলতে একান্তই নিজের বলে একটা কিছু হলো অবশেষে। নিজের নামে ইউটিউব চ্যানেল, বিষয়টাই অন্যরকম ভালোলাগার জন্ম দেয় নিজের মধ্যে। আমার ভক্ত-দর্শকের কাছে অনুরোধ থাকবে আপনারা আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই আপনাদের ভালোলাগার জন্য, আপনাদের বিনোদনের কথা মাথায় রেখে আমার ইউটিউব চ্যানেলে ভালো ভালো কন্টেন্ট রাখার চেষ্টা করব। আর লকডাউনের মধ্যে কানেকসন কাজটি একদমই পরীক্ষামূলকভাবে করা। আমার বাসার লোকজনদের দিয়েই চিত্রগ্রহণের কাজটি করিয়েছি যারা আসলে এ সম্পর্কে তেমন কোনো ধারণাই রাখেন না। আমি বিশেষভাবে কৃতজ্ঞ তাহসান খান ভাই, মাসুদুল হাসান এবং রায়হান রাফি ভাইয়ের কাছে।

উল্লেখ্য, কানেকসনের গল্প ভাবনা তাহসান খানের। রচনা করেছেন মাসুদুল হাসান। সংলাপ বুলবুল মাসুদ ও রায়হান রাফির। চলচ্চিত্রটিতে ব্যবহূত ‘তুমি ছাড়া’ গানটি গেয়েছেন ইমরান ও মাইশা।

গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন এবং সুর ও সঙ্গীত করেছেন তন্ময় মাহবুবুল।