মা হ মু দু ল আ মি ন
অভিনেতা, নির্মাতা, প্রযোজক এবং জাসদের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক শহিদ আলমগীর। যিনি করেনাকালে মানুষের পাশে থেকেছেন একজন দরদি হিসেবে। যখন মানুষ বিপদে পাওনাদারের কাছে ফোন করেও পাওনাদার ফোন রিসিভ করেন না—আর সেই সময় শহীদ আলমগীর নিজের ফেসবুক পোস্টে রং তুলি দিয়ে নিজের হাতে লিখেছেন কেউ বিপদে পড়লে আমাকে ফোন দিন। করোনা যুদ্ধে লড়াই করেও তিনি জয়ী হয়েছেন। করোনার সঙ্গে যুদ্ধ করে নিজের স্ত্রীকে সেবা-যত্ন করে সুস্থ করে তুলেছেন। লড়াই করছেন ওয়েব সিরিজের অশ্লীলতার বিরুদ্ধে। এ প্রসঙ্গে তিনি বলেন, আমাদের লড়াই কোনো সিরিজের বিরুদ্ধে নয়, আমাদের লড়াই অশ্লীলতার বিরুদ্ধে। আমাদের লড়াই ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে। যারা এই অশ্লীলতার সঙ্গে জড়িত তারা সমাজের শত্রু, দেশের শত্রু, আমাদের সংস্কৃতির শত্রু। এদের পক্ষে যারা ওকালতি করেন, যারা সাফাই গান—তারা সমাজের ঘৃণিত ব্যক্তি। আসুন, যারা এসবের সঙ্গে জড়িত তাদের ঘৃণা করি, বয়কট করি। এদের বিরুদ্ধে সচেতন সবাইকে রুখে দাঁড়াতে হবে। সরকার এবং তথ্যমন্ত্রীকে ধন্যবাদ আমাদের কথা শুনেছেন এবং তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করছেন। উল্লেখ্য, দেশের কয়েকটি ওয়েব সিরিজে আপত্তিকর দৃশ্য ও সংলাপের জেরে গত ক’দিন ধরেই চলছে তুমুল আলোচনা-সমালোচনা। বিঞ্জ নামের দেশীয় অ্যাপের প্রযোজনায় নির্মিত ওয়েব সিরিজগুলো মুক্তি পায় গত ঈদে। এরমধ্যে বেশি সমালোচনার মুখে পড়ে ওয়াহিদ তারিকের ‘বুমেরাং’, সুমন আনোয়ারের ‘সদরঘাটের টাইগার’ ও শিহাব শাহীনের ‘আগস্ট ১৪’। অবশ্য বিতর্কের মুখে বুমেরাং ও সদরঘাটের টাইগার সরিয়ে নেওয়া হয়েছে অ্যাপ বিঞ্জ থেকে। আর কিছু দৃশ্য সংশোধন করে ‘আগস্ট ১৪’ অ্যাপে রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান রেড ডট ডিজিটাল লিমিটেড।
