বকুলের বিবাহ ও বকুলের সংসার

আপডেট : ২৪ জুন ২০২০, ১৯:৫৫

ইতিপূর্বে চলচ্চিত্র, প্রামাণ্যচিত্র নির্মাণ করলেও এবারই প্রথমবারের মতো টিভি নাটক নির্মাণ করলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী পরিচালক ফাখরুল আরেফীন খান। সমপ্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সামাজিক সচেতনতার গল্প নিয়ে নির্মিত দুই পর্বের এই নাটকটির নাম ‘বকুলের বিবাহ ও বকুলের সংসার’। গল্পে দেখা যাবে, বাকাউল্লাহ বকুল বিয়ে করে আরেক বকুলকে। পুরো নাম বিলকিস আক্তার বকুল। দু’জনই দু’জনকে বকুল নামে ডাকে। দু’জনেই মজার মানুষ। এই দু’জনের বিয়ে এবং সংসারের নানা ঘটনা নিয়ে নির্মিত হয়েছে নাটকটি। এটি লিখেছেন জনপ্রিয় নাট্যকার মাসুম রেজা। এবারই প্রথমবারের মতো একসঙ্গে কাজ করলেন তারা।  নাটকটির প্রধান দুই চরিত্র বকুলের ভূমিকায় অভিনয় করেছেন মীর নওফেল আশরাফি জিসান, তানিন তানহা। এছাড়াও অভিনয় করেছেন মাজনুন মিজান, জ্যোতিকা জ্যোতি, সংগীতা চৌধুরী, ইশরাত জাহান মেঘলা প্রমুখ। নাটকটি নিয়ে মাসুম রেজা বলেন, নাটকটি নিয়ে বলার আগে পরিচালক ফাখরুল আরেফীনকে নিয়ে একটু বলি। আরেফীন আর আমার গ্রামের বাড়ি পাশাপাশি। বয়সে আমি বড় হওয়ায় ও আমাকে ‘ভাই’ ডাকে। সেই ছোটবেলা থেকে ওর সঙ্গে আমার সম্পর্ক থাকলেও এবারই প্রথম আমাদের একসঙ্গে কাজ করা হলো। দুই বকুলের বিয়ে এবং সংসারের গল্প নিয়ে নাটকটি লেখা হয়েছে। যতদূর জেনেছি, করোনার এই সময়ে পরিচালক বেশ যত্ন করে ও স্বাস্থ্যবিধি মেনে কাজটি করেছেন। আশা করছি নাটকটি দর্শকদের কাছে ভালো লাগবে। ফাখরুল আরেফীন খান বলেন, এর আগে চলচ্চিত্র, প্রামাণ্যচিত্র নির্মাণ করেছি। এবার টিভি নাটক নির্মাণ করলাম। কেমন হয়েছে তা দর্শকদের ওপর ছেড়ে দিলাম। নাটকটি আরটিভিতে প্রচার হবে ২৫ ও ২৮ জুন রাত ৭টা ২০ মিনিটে, এনটিভিতে ২৬ ও ২৭ জুন রাত ৮টা ৫০ মিনিটে,  দীপ্ত টিভিতে ২৮ ও ২৯ জুন রাত ১১টায়, নাগরিক টিভিতে ২৫ ও ২৬ জুন রাত ১১টায় এবং এশিয়ান টিভিতে ২৯ ও ৩০ জুন রাত ৭টা ৩০ মিনিটে ও রাত ১১টায়।