মোজাহেদুল ইসলাম
বিশ্ববিদ্যালয় পর্যায়ের নিয়মিত শ্রেণি কার্যক্রম এবং সরকারি-বেসরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠানসমূহের নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম ডিজিটাল মাধ্যমে কার্যকরী ও সহজ উপায়ে চলমান রাখতে ‘ভার্চুয়াল ক্লাস’ প্ল্যাটফর্ম (www.virtualclass.gov.bd) উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি অনলাইনে আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে উক্ত ‘ভার্চুয়াল ক্লাস’ প্ল্যাটফর্মের উদ্বোধন করেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, আইসিটি বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম, পিএএ এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন। এটুআই-এর পলিসি অ্যাডভাইজর আনীর চৌধুরীর সঞ্চালনায় অনলাইন অনুষ্ঠানে এটুআই-এর পলিসি স্পেশালিস্ট মো. আফজাল হোসেন সারওয়ার ‘ভার্চুয়াল ক্লাস’-এর ধারণা বিষয়ক একটি উপস্থাপনা প্রদান করেন।
অনলাইনে সকল একাডেমিক শ্রেণি কার্যক্রম এবং প্রশিক্ষণ কার্যক্রম সহজে এবং কার্যকরী উপায়ে চালানোর লক্ষ্যে এই ভার্চুয়াল ক্লাস প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে লাইভ ক্লাস বা ট্রেনিং পরিচালনা, এডুকেশনাল কনটেন্ট ম্যানেমেন্ট, মূল্যায়ন বা অ্যাসেসমেন্ট টুলস, মনিটরিং এবং সমন্বয় করার প্রযুক্তি যুক্ত থাকছে। শিক্ষা মন্ত্রণালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ও মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন এবং ইউএনডিপি এর সহায়তায় পরিচালিত এটুআই এর কারিগরি সহযোগিতায় উক্ত ভার্চুয়াল ক্লাস প্ল্যাটফর্মটি শুরু হয়েছে। ভার্চুয়াল ক্লাস ব্যবহার করে যেকোনো ধরনের লাইভ ক্লাস এবং লাইভ ট্রেনিং সেশন পরিচালনা করা সম্ভব হবে। এক্ষেত্রে ভিডিও কনফারেন্সিং-এর জন্য নিজস্ব মুক্তক্লাস কনফারেন্সিং সফটওয়্যারের পাশাপাশি জুম, গুগোল মিট, মাইক্রোসফ্ট টিমস, ওয়েবেক্স, ও অন্যান্য যেকোন ভিডিও কনফারেন্সিং সফটওয়্যার ব্যবহার করা যাবে। পাশাপাশি, শিক্ষা উপকরণ হিসেবে বিভিন্ন ধরনের মাল্টিমিডিয়া এবং অডিও-ভিজুয়্যাল কনটেন্ট, বিভিন্ন ধরণের ডকুমেন্ট এবং বিভিন্ন ধরনের লিঙ্ক সংযুক্তি আকারে দেওয়া যাবে। যে কোনো আগ্রহী বিশ্ববিদ্যালয় ভার্চুয়াল ক্লাসরুম ব্যবহার করতে www.virtualclass.gov.bd এই ওয়েবসাইট ভিজিট করতে হবে।
