করোনা ভাইরাসের বিষয়টি আমলে নিয়ে নির্মাণ করা হয়েছে সিসিমপুরের বিশেষ একটি পর্ব। যেখানে করোনার এই সময়ে কীভাবে বাড়িতে থেকে শিশুরা খেলার মাধ্যমে আনন্দে নানা বিষয় শিখতে পারবে, সেই বিষয়টিই তুলে ধরা হয়েছে।। শিশু ও তাদের পরিবারের জন্য তৈরি বিশেষ এই পর্বের নাম দেওয়া হয়েছে ‘এলমোর বিশ্ব সংবাদ’। জানা গেছে, বিশেষ এই পর্বটি শিশুদেরকে খেলার মাধ্যমে শিখতে সাহায্য করবে। কীভাবে বড়দের পাশাপাশি শিশুরাও আনন্দ, দুঃখ, হতাশা ইত্যাদি অনুভূতিগুলোর সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারবে তাও শেখাবে। এই পর্বে এলমো তার ঘরে মজার খেলা খেলে। সে ‘এলমোর বিশ্ব সংবাদ’ নামে একটি অনুষ্ঠান সঞ্চালন করে, যেখানে ঘরে থেকেই তার সঙ্গে যোগ দেয় হালুম, টুকটুকি, গ্রোভার, বিস্কুট পাগলা, রায়া ও সারাবিশ্বের বিভিন্ন প্রান্তের শিশুরা। আর দেখায় ঘরে নিরাপদে থেকে কীভাবে তারা মজা করে সময় কাটাচ্ছে। পর্বটিতে হালুম আর টুকটুকিকে দেখা যাবে রিপোর্টারের ভূমিকায়। তারা হাজির হবে বিশেষ খবর নিয়ে। আর তা হলো, শিশুরা এই সময়ে কীভাবে তাদের দুঃখ বা হতাশার মতো গভীর আবেগগুলো অঙ্গভঙ্গি ও নাচের মাধ্যমে প্রকাশ করতে পারে। অনুষ্ঠানটি দীপ্ত টিভিতে সকাল ৭টা ৪৫ মিনিটে, দুরন্ত টিভিতে দুপুর ১টায়, আরটিভি ও বাংলা টিভিতে বিকেল সাড়ে ৫টায়, মাছরাঙা টিভিতে সন্ধ্যা সাড়ে ৬টায়, বিজয় টিভিতে রাত ৯টায় ও বিটিভিতে রাত সাড়ে ৯টায় প্রচার হবে।
