বার্সেলোনার কষ্টার্জিত জয়

আপডেট : ২৪ জুন ২০২০, ২০:৪১

বার্সেলোনা ১ অ্যাথলেটিক বিলবাও ০

 স্পোর্টস ডেস্ক­

লিওনেল মেসির ৭০০ গোলের অপেক্ষা শেষ না হলেও স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ঠিকই জয় নিয়ে মাঠ ছাড়তে পেরেছে। তবে, নিজেদের ছন্দ ফিরে পেতে রীতিমতো সংগ্রাম করতে হয়েছে বার্সেলোনাকে। অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ১-০ গোলে জিতেছে কাতালানরা। দারুণ এক গোল করেছেন ক্রোয়াট তারকা ইভান রাকিটিচ।

আগের তিন ম্যাচে একই দলের বিপক্ষে জালের দেখাই পায়নি বার্সেলোনা। চলতি মৌসুমে দুইবার পেতে হয়েছে হারের তেতো স্বাদ। ২০১৮ সালের মার্চের পর এই প্রথম বিলবাওয়ের বিপক্ষে জিতল বার্সেলোনা।

৩১ ম্যাচে ২১ জয় ও ৫ ড্রয়ে ৬৮ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরেছে বার্সেলোনা। মায়োর্কার বিপক্ষে বুধবার জিতে থাকলে শীর্ষে ফিরেছে রিয়াল মাদ্রিদ। লম্বা বিরতির পর নিজেদের প্রথম ম্যাচে এই মায়োর্কাকেই ৪-০ গোলে হারায় বার্সেলোনা।

পরের ম্যাচে লেগানেসের বিপক্ষে ২-০ গোলের জয় পেতে ঘাম ঝরাতে হয়েছিল সেতিয়েনের দলকে। মঙ্গলবার রাতে স্বস্তির জয় পেলেও দলের খেলায় অনেক ঘাটতি দেখছেন কোচ কিকে সেতিয়েন।

কেবল এই ম্যাচে নয়, ‘নতুনভাবে’ শুরু হওয়া লিগে দলের খেলায় বড়ো কিছুর ঘাটতি দেখছেন সেতিয়েন। ম্যাচ শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এমনটি জানান তিনি।

তিনি বলেন, ‘প্রতিপক্ষ সামান্য সুযোগ দিলে ঐ সময় নির্ভুল হতে হবে এবং দ্রুত এগিয়ে যেতে হবে। ফেরার পর থেকে আমাদের খেলায় এটারই ঘাটতি দেখা যাচ্ছে। সবকিছু ভালোভাবে যাচ্ছে না।’

ছন্দের অভাব দেখছেন কোচ সেতিয়েন। তিনি বলেন, ‘আমরা কিছু একটা মিস করছি। যেন একটা স্ফুলিঙ্গের অভাব। আমাদের প্রতিপক্ষ এটার সুযোগ নিচ্ছে, কারণ তারা রক্ষণ জমাট রাখছে এবং কোনো জায়গা দিচ্ছে না। তাদের রক্ষণ ভাঙা আমাদের জন্য কঠিন হয়ে উঠছে।’

মৌসুম এগুনোর সঙ্গে সঙ্গে দল এ সমস্যা কাটিয়ে উঠবে বলে আশাবাদী সেতিয়েন। তিনি বলেন, ‘প্রথমার্ধে আমরা ভুল বেশি করেছি। সেই তুলনায় দ্বিতীয়ার্ধে আমরা স্বচ্ছন্দ ছিলাম এবং তুলনামূলক ভালো খেলেছি। আনসু (ফাতি) ও রিকি (পুস) আমাদের খেলায় গতি বাড়িয়েছিল এবং বলের দখল রাখতে সহায়তা করেছিল। আশা করি, যত দিন যাবে আমাদের ছন্দে ফেরা তত সহজ হবে।’

 

 

 

রাকিটিচের দারুণ এক গোলে নিশ্চিত হয় বার্সার জয়            —ওয়েবসাইট