টেস্টেই জীবন দেখেন গেইল

আপডেট : ২৪ জুন ২০২০, ২০:৪২

স্পোর্টস রিপোর্টার

টেস্ট খেলা অনেক আগেই ছেড়ে দিয়েছেন। তার পরও টেস্ট ক্রিকেটকে জীবনের প্রতিশব্দ বলে মনে করেন ক্রিস গেইল। বিসিসিআইয়ের একটি আয়োজনে ভারতীয় ক্রিকেটার মায়াঙ্ক আগারওয়াল ও লোকেশ রাহুলের সঙ্গে আলাপচারিতায় ১০৩ টেস্ট খেলা গেইল তুলে ধরেন টেস্ট ক্রিকেট নিয়ে তার দৃষ্টিভঙ্গি।

টেস্ট নিয়ে গেইল বলছিলেন, ‘আমাকে বলতেই হবে, টেস্ট ক্রিকেটই হলো চূড়ান্ত। মাঠের বাইরেও কীভাবে জীবন কাটাতে হয়, টেস্ট ক্রিকেট সেই চ্যালেঞ্জও জানায়। কারণ ক্রিকেটে পাঁচ দিন খেলা খুবই চ্যালেঞ্জিং। টেস্ট ক্রিকেট অনেকবার পরীক্ষা নেয়। প্রতিদিন ঘুমাতে যাওয়া ও ঘুম থেকে ওঠা, সব কিছুই শৃঙ্খলার সঙ্গে করতে হবে। একই সঙ্গে যখন ধুঁকতে থাকি, কীভাবে কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে হয় টেস্ট ক্রিকেট সেটাও শেখায়।’

লাল বলের ক্রিকেট খেলতে তরুণদের উত্সাহ দিলেন গেইল। একই সঙ্গে মানা করলেন, ক্রিকেটকে জীবনের চেয়ে বড়ো কিছু ভাবতে, ‘তরুণ প্রজন্মকে বলছি, স্কিল ও মানসিক দৃঢ়তার পরীক্ষা করতেও সাহায্য করে টেস্ট ক্রিকেট। নিবেদিত থাকো এবং যাই করো, সেটা উপভোগ করো। এটা খেলা সংশ্লিষ্ট কিছু না হলে, এর বাইরেও কিছু না কিছু সব সময় খোলা থাকে। তাই, কোনো কিছুতে সাফল্য না মিললে সব সময় মনে রাখতে হবে, আরেকটি সুযোগ অপেক্ষা করছে। তাই কখনোই হতাশ হওয়া যাবে না।’