স্পোর্টস রিপোর্টার
প্রাণঘাতী করোনা ভাইরাস কার্যত স্তব্ধ করে দিয়েছে বাংলাদেশের ক্রিকেট। দেশের ক্রিকেটাঙ্গনের স্থবিরতাকে আরো প্রলম্বিত করার খবর বয়ে আনল করোনাকাল। গতকাল অনুমিতভাবেই বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর স্থগিত হয়ে গেছে। অনেক সময় ক্ষেপণ করলেও শেষ পর্যন্ত কোনো ধরনের ঝুঁকি না নেওয়ার পথেই হেঁটেছে বিসিবি।
জুলাইয়ে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কায় যাচ্ছে না বাংলাদেশ দল। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) বিষয়টি নিশ্চিত করেছে। পরবর্তী সময়ে সিরিজের নতুন সূচি ঠিক করার জন্য কাজ করবে দুই দেশের বোর্ড।
এর ফলে আগামী আগস্ট পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের আর কোনো সিরিজ থাকল না। একই সঙ্গে চলতি বছরের সূচিতে বাংলাদেশ দলের সামনে আর কোনো টেস্ট ম্যাচ থাকল না। পাকিস্তান ও জিম্বাবুয়ের বিরুদ্ধে একটি করে টেস্ট খেলার অভিজ্ঞতাই ২০২০ সালের স্মৃতি হয়ে থাকল মুমিনুলদের জন্য।
গত এপ্রিলে পাকিস্তান সফরে টেস্ট, ওয়ানডে দিয়ে করোনার ধাক্কা শুরু হয় বাংলাদেশের ক্রিকেটে। পরে আয়ারল্যান্ড সফর, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হোম সিরিজ, নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজও করোনার পেটে বিলীন হয়। সর্বশেষ গতকাল শ্রীলঙ্কা সফর স্থগিত হওয়ার মধ্য দিয়ে যেন করোনার থাবা ষোলোকলা পূর্ণ করল।
সিরিজের আয়োজক লঙ্কান বোর্ড। বিসিবি তাই আনুষ্ঠানিকভাবে সফর স্থগিতের বিষয়টি জানায়নি। জানতে চাইলে গতকাল সংবাদমাধ্যমকে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, ‘এটা মূলত শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের কল। যেহেতু ওরা আয়োজক, আমার বলাটা ঠিক হবে না। নিউজিল্যান্ডের সঙ্গে যে সিরিজটা, সেটার আয়োজক আমরা ছিলাম বলে আমরা জানিয়েছি। কিন্তু এটা ওরা জানাবে। আমাদের বলাটা ঠিক হবে না।’এদিকে সংবাদ বিজ্ঞপ্তিতে এসএলসি জানায়, বিসিবি তাদের জানিয়েছে, এমন পরিস্থিতি এখনো আসেনি, যেখানে বাংলাদেশের ক্রিকেটাররা আন্তর্জাতিক সিরিজ খেলায় অংশগ্রহণ করতে পারবে। করোনা মহামারিতে পুরোপুরি প্রস্তুতির অভাবেই এমনটা হয়েছে। বিসিবি ও এসএলসি যৌথভাবে সম্মত হয়েছে, জুলাইয়ে বাংলাদেশের শ্রীলঙ্কা সফর হচ্ছে না, পরবর্তী সময়ের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে।
