স্পোর্টস ডেস্ক
অনাকাঙ্ক্ষিত বিরতির পর ইউরোপে লিগ ফিরলেও তিন মাসের বিরতির ধাক্কা কাটিয়ে উঠতে এখনো লড়ছে দলগুলো। ইতালিসহ একই সঙ্গে খেলতে হচ্ছে গ্রীষ্মের তাপদাহের মধ্যে। জুভেন্তাসের কোচ মাউরিসিও সারি মনে করেন, এই অবস্থায় ভালো ফুটবলের আশা করা কঠিন।
সারি মন্তব্য করেন, সমর্থকদের তাই উচিত হবে স্বাভাবিকের চেয়ে ধীরগতির খেলার অপেক্ষায় থাকা। তাহলে আর আশাহত হতে হবে না। তিনি বলেন, ‘এটা পুরোপুরি ভিন্ন এক পরিস্থিতি— শারীরিক প্রস্তুতির এমন ঘাটতিতে ভুল করাটা খুব স্বাভাবিক। দলগুলোর শারীরিক অবস্থা যথাযথ নয় এবং সামনের ম্যাচগুলো হবে অনেক গরমে। তাই আমার মনে হয় সব দলের জন্যই খেলাটা খুব কঠিন হবে।’
সিরি‘এ’-তে ২৭ ম্যাচে ২১ জয় ও তিন ড্রয়ে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে জুভেন্তাস। কেবল চলতি মৌসুমই নয়, ইতালিয়ান এই কোচের বিশ্বাস, আগামী মৌসুমের শুরুতেও দলগুলোকে ভুগতে হবে। তিনি বলেন, ‘এই মৌসুম শেষে ১৫ দিন পর আবার আমরা নতুন মৌসুমে মাঠে নামব এবং সেটাও হবে বিশেষ এক শুরু। কারণ প্রস্তুতি স্বাভাবিক নিয়মে হবে না।’
