রংপুরে করোনার নমুনার রিপোর্ট পেতে বিলম্ব!

আপডেট : ২৪ জুন ২০২০, ২১:২৪

স্টাফ রিপোর্টার, রংপুর

রংপুর সিটি করপোরেশনের করোনা রোগীদের মোবাইল ফোনে টেলিমেডিসিন সেবা প্রশংসিত হলেও নমুনা পরীক্ষার ফলাফলে জট কমছে না। রংপুর সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, রংপুর মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে প্রতিদিন নমুনা পরীক্ষার সক্ষমতা ১৮৮ জনের। কিন্তু প্রতিদিন নমুনা জমা হচ্ছে ৪০০র ওপর। ফলে কোনো কোনো সময় নমুনা পরীক্ষার ফলাফল পেতে এক সপ্তাহের বেশি সময় লেগে যায়। রংপুর সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগের প্রধান ডা. কামরুজ্জামান তাজ সাংবাদিকদের বলেন, স্বাস্থ্য বিভাগের সঙ্গে সমন্বয় করে প্রতিদিনই আমরা করোনা রোগীদের টেলিমেডিসিন সেবা দিয়ে যাচ্ছি।

রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, করোনা রোগীদের সেবার দিক থেকে দেশের অন্যান্য সিটি করপোরেশনের তুলনায় রংপুরে সেবার মান ভালো। জনগণ সচেতন হলে খুব দ্রুত এই মহামারি কমে যাবে।

রংপুর জেলা সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায় বলেন, করোনা প্রতিরোধে কয়েকটি ওয়ার্ডকে পর্যবেক্ষণ করে চিহ্নিত করে সিদ্ধান্তের জন্য ঢাকায় পাঠানো হয়েছে। সিদ্ধান্ত এলে তা দ্রুত বাস্তবায়ন করা হবে।