পৃথক সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্যসহ নিহত ৬

আপডেট : ২৪ জুন ২০২০, ২১:২৫

ইত্তেফাক ডেস্ক

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্যসহ ছয় জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো কয়েক জন। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :

কাহালু (বগুড়া) :কাহালুতে ঢাকাগামী ট্রেন আন্তঃনগর লালমনিরহাট এক্সপ্রেসের ধাক্কায় ইউপি সদস্য হীরেন সরকার (৭০) নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুর সোয়া ১টার দিকে কাহালু চারমাথা রেলগেটের পূর্ব পাশে। নিহত হীরেন কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্ব প্রাপ্ত এএসআই লিপি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সিরাজগঞ্জ :সিরাজগঞ্জে বুধবার সকালে সড়ক দুর্ঘটনায় দুই ট্রাক শ্রমিক নিহত হয়েছে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের পাঁচিলা নামক স্থানে পাথরবোঝাই ট্রাককে পেছন থেকে ইট বোঝাই ট্রাক ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।  অপর দুই জন আহত হন।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরন্নবী প্রধান এ তথ্য নিশ্চিত করেছেন।

কালিহাতী (টাঙ্গাইল) :কালিহাতীতে বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নানি-নাতনি নিহত হয়েছেন। বুধবার দুপুরে ঢাকা-বঙ্গবন্ধু মহাসড়কের এলেঙ্গা রিসোর্টের সামনে এ দুর্ঘটনা ঘটে। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামাল হোসেন জানান, অটোরিকশার যাত্রী নানি-নাতনি ঘটনাস্থলেই নিহত হন।

মিঠাপুকুর (রংপুর) :মিঠাপুকুরে বাস চাপায় রেজিয়া বেগম নামের ৮০ বছরের এক বৃদ্ধা নিহত হয়েছে। মঙ্গলবার বিকালে ময়েনপুর ইউনিয়নের কদমতলা বাজারে এ দুর্ঘটনা ঘটে। হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। নিহত রেজিয়া বেগম ময়েনপুর উত্তরপাড়া গ্রামের মৃত গেনদা মিয়ার স্ত্রী। ময়েনপুর ইউপি চেয়ারম্যান মাহবুবুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।