বরিশালে করোনা উপসর্গে পুলিশসহ তিন জনের মৃত্যু

আপডেট : ২৪ জুন ২০২০, ২১:২৫

বরিশাল অফিস

করোনার উপসর্গ নিয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) এক এএসআইসহ তিন জনের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে তাদের মৃত্যু হয়। জেলায় এ পর্যন্ত মারা গেছেন ২৩ জন।

পুলিশ কমিশনার কার্যালয়ের স্টাফ অফিসার সহকারী পুলিশ কমিশনার আব্দুল হালিম জানান, নিহত এএসআই হাবিবুর রহমান (৫৩) গত ১৬ জুন রাতে জ্বর, শ্বাসকষ্ট ও বুকে ব্যথা নিয়ে প্রথমে তাকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে ঐদিন রাতেই তাকে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার রাতে সেখানেই তার মৃত্যু হয়। সে বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি গ্রামের বাসিন্দা। এদিকে এদিন সন্ধ্যায় শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে উপসর্গ নিয়ে চিকিত্সাধীন অবস্থায় মারা যান ঝালকাঠী সদরের কেফায়েত নগর এলাকার হাফিজা বেগম (৪০) এবং রাতে নলছিটির তিমিরকাঠী গ্রামের জাকির হোসেন (৫৬)। মৃত প্রত্যেকের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে প্রেরণ করা হয়েছে।