সরকারি গুদামে ধান দিচ্ছেন না বদলগাছীর কৃষক

আপডেট : ২৪ জুন ২০২০, ২১:২৭

বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা

বদলগাছীতে সরকার নির্ধারিত মূল্য থেকে বাজারে ধানের দাম বেশি থাকায় কৃষকরা খাদ্য বিভাগের কাছে ধান বিক্রি করছেন না। এ অবস্থায় চুক্তিবদ্ধ মিলাররাও চাল সরবরাহে ব্যর্থ হচ্ছেন। এতে সরকারের ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। উপজেলার মিঠাপুর ইউনিয়নের উত্তর পাকুরিয়া গ্রামের কৃষক সুমন জানান, বর্তমানে খোলা বাজারে প্রতি মণ মোটা ধান ৯২০ থেকে ৯৫০ টাকা এবং চিকন ধান ৯৫০ থেকে ১ হাজার ১০০ টাকায় বিক্রি হচ্ছে। আর খাদ্যগুদামে ধান বিক্রি করতে হলে শুকানোর খরচ এবং পরিবহন ব্যয় বেড়ে যায়। এ কারণে তিনি খাদ্যগুদামে ধান বিক্রি করতে আগ্রহী নন। বদলগাছী খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ করিম বলেন, সরকারের সংগ্রহ মূল্য থেকে বাজারে ধানের দাম বেশি থাকায় কৃষকরা গুদামে ধান দিতে আগ্রহী হচ্ছে না। তবে নির্বাচিত কৃষকদের গুদামে ধান দিতে উদ্বুদ্ধ কার্যক্রম অব্যাহত রেখেছি। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাজের হাসান বলেন, বর্তমানে খোলা বাজারে ধানের দাম বেড়ে যাওয়ায় এখন পর্যন্ত গুদামে কৃষকরা ধান দিতে আগ্রহী নয়। তাই চলতি মৌসুমে ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার আশঙ্কা রয়েছে। তবে নির্দিষ্ট সময়ে লক্ষ্যমাত্রা অর্জিত না হলে কমিটির সিদ্ধান্তক্রমে কৃষকদের উন্মুক্তভাবে খাদ্যগুদামে ধান বিক্রয়ে উদ্বুদ্ধ করা হবে।

বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহা. আবু তাহির বলেন, ধান-চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জিত না হলে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।