বিশ্বের প্রতিটি অঞ্চলে প্রবৃদ্ধি সংকোচনের পূর্বাভাস দিল আইএমএফ

আপডেট : ২৪ জুন ২০২০, ২১:৩১

 

ইত্তেফাক রিপোর্ট

হাতেগোনা দুই-একটি দেশ এবার শূন্যের ওপরে প্রবৃদ্ধি দেখলেও বিশ্বের প্রতিটি অঞ্চলে প্রবৃদ্ধি সংকোচনের পূর্বাভাস দিল আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। গতকাল প্রকাশিত ওয়ার্ল্ভ্র ইকোনমিক আউটলুকের হালনাগাদ প্রতিবেদনে এমনটি উল্লেখ করা হয়েছে। গত এপ্রিলে প্রকাশিত পূর্বাভাস জুন মাসে হালনাগাদ করে প্রকাশ করা হলো। এবারের প্রতিবেদনে অর্থনীতি আগের চেয়ে আরো খারাপ হওয়ার ধারণা করা হয়েছে। এপ্রিলে বিশ্ব অর্থনীতি সাড়ে ৩ শতাংশ সংকোচনের পূর্বাভাস দিলেও এবার সংস্থাটি বলছে এই সংকোচন ৪ দশমিক ৯ শতাংশ পর্যন্ত হতে পারে। তবে পরিস্থিতি ঘুরে দাঁড়ালে ২০২১ সালে ৫ দশমিক ৪ শতাংশ পর্যন্ত বিশ্ব অর্থনীতি সম্প্রসারিত হতে পারে। আইএমএফ বলছে, ৯০-এর দশক হতে দারিদ্র্য বিমোচনে যে সাফল্য এসেছে এবার সেই অর্জন ক্ষতিগ্রস্ত হয়েছে।

এবারের প্রতিবেদনে চীনের মাত্র ১ শতাংশ প্রবৃদ্ধির প্রত্যাশা করা হয়েছে। এছাড়া বাকি সব অঞ্চলে ঋণাত্মক প্রবৃদ্ধি হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। প্রতিটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির তথ্য হালনাগাদ প্রতিবেদেন প্রকাশ করা হয়নি। তবে অঞ্চলভিত্তিক পূর্বাভাস দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর সারা বিশ্বে জ্বালানি তেলের দর কম থাকবে গড়ে ৪১ শতাংশ। বাণিজ্যের আকার কমে আসবে ১১ দশমিক ৯ শতাংশ। কোভিড-১৯-এর প্রভাবে যে অনিশ্চয়তা সামনে রেখে এপ্রিলে পূর্ভাবাস দেওয়া হয়েছিল এবার সেটি আরো বেড়েছে। আইএমএফের পূর্ভাবাস অনুযায়ী ইউরোপ আমেরিকাসহ উন্নত বিশ্বে এবছর জিডিপি সংকোচন হবে ৮ শতাংশের মতো। উদীয়মান দেশগুলোর সংকোচন হবে ৩ শতাংশ, লাতিন আমেরিকার দেশগুলোর সংকোচন হতে পারে ৯ দশমিক ৪ শতাংশ। মধ্য এশিয়ার সংকোচন হতে পারে ৪ দশমিক ৭ শতাংশ।