ইত্তেফাক রিপোর্ট
যাত্রাবাড়ীর রায়েরবাগে রাস্তা পারাপারের সময় সড়ক দুর্ঘটনায় শাহ আলম নামে এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছেন। তবে কোন গাড়ির চাপায় এ দুর্ঘটনা ঘটেছে তা শনাক্ত করতে পারেনি পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য গতকাল বুধবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায় যাত্রাবাড়ী থানা পুলিশ।
নিহতের বড় ভাই খোরশেদ আলম জানান, তাদের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ সদর উপজেলার শিলাই গ্রামে। তাদের বাবার নাম আহমেদ গাজী। তিন ভাইবোনের মধ্যে ছোট শাহ আলম অবিবাহিত। জীবিকার তাগিদে বেশ কয়েকবছর আগে ঢাকায় যায়। সেখানে সে শনির আখড়া এলাকায় থাকত। জীবিকার জন্য প্রথমে অটোরিকশা চালাত। পরে কাঁচামালের ব্যবসা শুরু করে। তিনি বলেন, বুধবার সকালেই পুলিশের মাধ্যমে শুনতে পাই শাহ আলম সড়ক দুর্ঘটনায় মারা গেছে। পরে যাত্রাবাড়ী থানায় এসে শাহ আলমের লাশ শনাক্ত করি।
সড়ক দুর্ঘটনার বিষয়ে যাত্রাবাড়ী থানার এসআই সুব্রত বিশ্বাস জানান, প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পাওয়া তথ্যানুযায়ী মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে রায়েরবাগ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আউটগোয়িং রোডে এসএ গ্রুপ এর দক্ষিণ পাশ দিয়ে হেঁটে রাস্তা পার হবার সময় সড়ক দুর্ঘটনায় নিহত হয় শাহ আলম।
