ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার

আপডেট : ২৪ জুন ২০২০, ২২:০৪

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর ডেমরায় ১৩ বছরের এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছেন। সোমবার রাতে ওই তরুণী বাড়িতে একা থাকায় কৌশলে রবিউল (১৬) নামে এক কিশোর তাকে ধর্ষণ করে। এ ঘটনায় মঙ্গলবার মধ্যরাতে ডেমরার বড়ভাঙ্গা এলাকার একটি বাড়ির ভাড়াটিয়া রবিউলকে গ্রেফতার করে পুলিশ।

ভুক্তভোগী ও তার পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, প্রতিবেশী হওয়ায় মেয়েটি প্রায়ই বড়ভাঙ্গার ওই বাড়িতে আসা-যাওয়া করতো। সোমবার দুপুর দেড়টার দিকে মেয়েটি ওই বাড়িতে গেলে রবিউল কিশোরীকে একা পেয়ে কৌশলে তার রুমে নিয়ে ধর্ষণ করে। পরে তরুণী বাসায় এসে পরিবারের লোকজনকে বিষয়টি জানায়। এ নিয়ে রাতে বেশ উত্তেজনার সৃষ্টি হয়। পরদিন ডেমরা থানায় একটি মামলা করেন মেয়েটির মামা। ঘটনার পর থেকে পলাতক ছিল রবিউল। মঙ্গলবার গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়।

ডেমরা থানার ওসি মো. সিদ্দিকুর রহমান সাজ্জাদ জানান, ধর্ষককে গ্রেফতার করা হয়েছে। চিকিত্সা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য মেয়েটিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস (ওসিসি) সেন্টারে পাঠিয়েছে পুলিশ।